বাড়ির নাম শাহানা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৪ পিএম
বাড়ির নাম শাহানা সিনেমার পোস্টার
দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘বাড়ির নাম শাহানা’। গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন লীসা গাজী। গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড জানিয়েছে, ছবিটি ১৯ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এক ফেসবুক পোস্টে লীসা গাজী লিখেছেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র “বাড়ির নাম শাহানা” দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ। বাড়ির নাম শাহানার গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি, যেখানে ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে আমি আমাদের অতি চেনা জগতের একজন সাধারণ নারীর গল্প বলেছি।’ নির্মাতা আরও লিখেছেন, ‘বাড়ির নাম শাহানা বিষণ্ন করা ছবি না, বরং জীবনের জয়গানে মুখর। আমাদের একমাত্র চাওয়া দর্শকরা সপরিবার এবং সবান্ধব এসে ছবিটা দেখুন। তাদের রায় শোনার জন্য আমরা অধীর আগ্রহে দিন গুনছি।’
এর আগে সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম, মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে। সত্য কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি নব্বইয়ের দশকে বাংলাদেশের এক রক্ষণশীল মফস্বলের আবহের বিপরীতে দৃঢ়চেতা এক নারীর বেঁচে থাকার পথ অন্বেষণ করে। চলচ্চিত্রটির প্রধান চরিত্র দীপা, যেকোনোভাবেই চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডূকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বেঁচে থাকতে চায়।

ছবির বেশিরভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে। কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের একটি ছোট শহরে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ড নির্মিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ। লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।
উল্লেখ্য, জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ জয় করে সিনেমাটি। ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ডের সিদ্ধান্তে সিনেমাটি এ পুরস্কার অর্জন করে। মুম্বাই উৎসব ছাড়াও বিএফআই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, বার্মিংহাম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, ইয়র্কশায়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে বাড়ির নাম শাহানা প্রদর্শিত হয়। এখন দেখার পালা দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করতে পারে কি না সিনেমাটি।
এদিকে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড এক ফেসবুক পোস্টে জানিয়েছে, শাহানা বাড়ির কাজের মেয়ে জুলেখা। আমাদের জীবনে সবারই একজন জুলেখা থাকে। স্বজন ছাড়া এত দূরদেশ পাড়ি দিয়ে পর মানুষকে আপন করে সহজ করে দেয় সবার জীবন। প্রায় প্রতিটি সচ্ছল পরিবারে একজন ‘জুলেখা’ আছে, পেটের দায়ে অন্যের ঘানি টানতে গিয়ে যার নিজের জীবনযাপন করা হয় না। এই ছবির মাধ্যমে আমরা সেই সব উপেক্ষিত, মুশকিল আসান জুলেখাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা জানাতে চাই। আপনার বাড়ির জুলেখাকে নিয়ে বাড়ির নাম শাহানা দেখুনÑ আমাদের পক্ষ থেকে তার জন্য টিকিট ফ্রি!