প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭ পিএম
আমির খান
বলিউডে তারকাদের অতিরিক্ত চাহিদা নিয়ে মুখ খুললেন আমির খান। গেম চেঞ্জার্স ইউটিউব চ্যানেলে কোমল নাহতাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রযোজকের ওপর ব্যক্তিগত খরচ চাপানো অন্যায়।
আমিরের ভাষায়, ‘গাড়িচালক, সহকারী, ট্রেইনারÑ এরা তো আমার জন্য কাজ করে, তাদের বেতন দেওয়া আমার দায়িত্ব, প্রযোজকের নয়।’ ৩৭ বছরের ক্যারিয়ারে তিনি নাকি কখনোই এসব খরচ প্রযোজকের কাঁধে চাপাননি। বর্তমান প্রজন্মের তারকাদের দাবি, আলাদা ভ্যানিটি ভ্যান, জিম, কুক বা লাইভ কিচেনÑ তার কাছে অস্বাভাবিক ও প্রযোজকদের জন্য বোঝা। তবে তিনি এটাও জানান, তারকারা চাইলে এসব সুবিধা নিতে পারেন, সমস্যা হলো, সেটা প্রযোজকের ঘাড়ে চাপানো। আমিরের ভাষ্যে, ‘তোমরা কোটি কোটি টাকা আয় করছ অথচ নিজের খরচ দাও না? এটা খুবই দুঃখজনক। শিল্পের জন্য ক্ষতিকর। আমি স্পষ্ট বলছি, এটা লজ্জাজনক।’
আমিরের মতে, একজন অভিনেতার প্রথম দায়িত্ব হলো প্রযোজকের ওপর বাড়তি বোঝা না চাপানো। ‘আমরা সবাই একসঙ্গে ছবির জন্য কাজ করি। টিম প্লেয়ার হিসেবে সবারই এই সচেতনতা থাকা উচিত,’ বলেন তিনি। শেষে তিনি যোগ করেন, ‘আজও আমি যখন পরিবার নিয়ে আউটডোর শুটে যাই, সব খরচ নিজের পকেট থেকে দিই। প্রযোজককে কখনোই অতিরিক্ত ব্যয় বহন করতে বলিনি। আজকের তারকারা নিজের অবস্থানের সুযোগ নিচ্ছেন, যা তাদের ভাবমূর্তিকেই নেতিবাচক করছে।’