× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অচিন দেশের পথে ফরিদা পারভীন

শোকের ছায়া শিল্প অঙ্গনে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩ পিএম

ফরিদা পারভীন (১৯৫৪-২০২৫)

ফরিদা পারভীন (১৯৫৪-২০২৫)

দীর্ঘদিন অসুস্থতার পর শনিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন। বাংলাদেশের লালনসংগীতের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। স্বাধীনতার পর কুষ্টিয়ার দোলপূর্ণিমার মহাসমাবেশে প্রথমবারের মতো লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন। সেই গান ছিল- ‘সত্য বলো সুপথে চলো’। শ্রোতার আবেগ, উচ্ছ্বাস আর প্রশংসা তাকে বুঝিয়ে দিয়েছিল, এই পথেই তার যাত্রা। কিংবদন্তি এ শিল্পীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় এ শিল্পীর প্রতি তারকাদের শ্রদ্ধাঞ্জলি-

কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার রাতে এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, ‘তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। লালনসংগীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তার শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ভিডিওকলের মাধ্যমে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে গায়িকা দেশের বাইরে থাকায় শহীদ মিনারে ভিডিওকলের মাধ্যমে লালনকন্যাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

দেশবরেণ্য সংগীতশিল্পী কনকচাঁপা শোক প্রকাশ করে বলেন, পুরো জায়গাটি তিনি শূন্য করে নিজের সঙ্গে নিয়ে গেলেন। আধুনিক সময়ে যারা লালনগীতি শুনতাম, আমরা ফরিদা আপাকেই শুনতাম। মূলত যারা লালনের আখড়ায় গান করেন তাদের গান এক রকম আর ফরিদা আপার গান এক রকম আখড়া থেকে গান তুলে এনে আপা আমাদের কাছে উপস্থাপন করেছেন। তার কণ্ঠে যে মায়া আছেÑ শুধু লালনের কথা বললে তাকে ছোট করা হবে। দেশের গানসহ তার কণ্ঠ অনবদ্য। এককথায় বলতে গেলে, ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করত। ভরাট একটা সংগীতাঙ্গন দেখে আমি বড় হয়েছি; সেটাই ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমাদের মাথার ওপর যারা বটবৃক্ষের মতো ছিলেন, তাদের আমরা হারিয়ে ফেলছি। আমরা খুবই অসহায় হয়ে যাচ্ছি।

অভিনেত্রী চিত্রলেখা গুহ সোশ্যাল মিডিয়ায় নিজের কণ্ঠে একটি গান পোস্ট করে লিখেন, পরপারে পাড়ি দিলেন প্রিয় শিল্পী, আমাদের শিকড়ের সুর ও কথার সাধিকা ফরিদা পারভীন ( ফরিদা আপা)। যার কণ্ঠে লালনগীতি শুনে আপ্লুত হয়ে যেতাম। আজ তার প্রয়াণে তার প্রতি আমার শ্রদ্ধা জানালাম তারই প্রিয় সাঁইজির গানে।

শোক জানিয়েছেন সুপারস্টার শাকিব খান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শাকিব লেখেন, ‘লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

চিত্রনায়ক উজ্জ্বল বলেন, ‘কিংবদন্তি একজন সংগীতশিল্পীকে হারালাম আমরা। এই শূন্যতাকে পূরণ করার জন্য আমাদেরকে সম্মিলিতভাবে সচেষ্ট হতে হবে।’

চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন বলেন, ‘শিল্পচর্চা যে সাধনার বিষয়, এই ব্যাপারটা আমরা ভুলেই গেছি। ফরিদা পারভীন এমন একজন মানুষ, যিনি জীবনটা সাধনার মধ্যেই কাটিয়েছেন। ফরিদা পারভীন আজকে যে অবস্থানে এসেছেন, তা হওয়ার জন্য অন্তত ৫০ বছর পার করতে হয়েছে।’

ফরিদা পারভীন দীর্ঘদিন কুষ্টিয়া শহরে বসে লালনসংগীতের চর্চা করেছেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় যেতে হয়েছে তাকে। ফরিদা পারভীনের স্কুলজীবনের শুরুটা মাগুরায়। একাধিক স্কুলে পড়াশোনা শেষে তিনি কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৭৪ সালে কুষ্টিয়া গার্লস কলেজ থেকে এইচএসসি এবং একই কলেজ থেকে স্নাতক শেষ করেন। লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন। এর বাইরে ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ চলচ্চিত্রে ব্যবহৃত ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি ২০০৮ সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। লালনশিল্পী হিসেবেই তিনি সমাদৃত। তবে তার কণ্ঠে বেশকটি আধুনিক ও দেশের গান জনপ্রিয় হয়।

ফরিদা পারভীনের কালজয়ী গান 

  • ‘সত্য বলো সুপথে চলো’ 
  • তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম
  • এই পদ্মা এই মেঘনা
  • বাড়ির কাছে আরশিনগর 
  • নিন্দার কাঁটা যদি 

অ্যালবাম 

  • খাঁচার ভিতর অচিন পাখি 
  • কিশোরী বৌ
  • মিলন হবে কত দিনে 
  • নিন্দার কাঁটা
  • পাপ-পুণ্যের কথা
  • সময় গেলে সাধন হবে না
  • তোমরা ভুলে গেছো


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা