× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫১ পিএম

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’

মুক্তি পেল কোক স্টুডিও বাংলা সিজন ৩-এর পঞ্চম গান ‘লং ডিসট্যান্স লাভ’। এটি একটি রোমান্টিক ডুয়েট, যা এই ডিজিটাল যুগে দূরত্বের অনুভূতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। গানটি পরিবেশন করেছেন উদীয়মান তারকা অংকন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন, যিনি ‘মডার্নওটাকু’ নামেও পরিচিত। গানটিতে সুর দিয়েছেন শুভেন্দু দাস শুভ। অংকন ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা-গীতিকার প্রাগাতা নাওহা মিলে লিখেছেন গানের কথা, যা গানটিতে যোগ করেছে আবেগ এবং প্রবাস জীবনের কঠিন বাস্তবতা।

আজকের সময়ে, যেখানে মুহূর্তের মধ্যে সাগর পাড়ি দেওয়া যায় আর এক ক্লিকেই দূরত্ব ঘুচে যায়, তবুও মন কখনও কখনও শূন্য লাগে। কিছু কথা অজানাই থেকে যায়, নীরবতা ভারী হয়ে ওঠে, আর মাইলের পর মাইল দূরত্ব আরও দীর্ঘ মনে হয়। ‘লং ডিসট্যান্স লাভ’ সেই অপূরণীয় শূন্যতার গল্প, অপেক্ষার নীরব ব্যথা, দূরে থেকেও কাছাকাছি থাকার তিক্তমধুর অনুভূতি তুলে ধরে। শুভেন্দুর হৃদয়স্পর্শী সুরে এই গান যেন বাতাসে ভেসে যাওয়া এক অপ্রেরিত চিঠি, যেখানে যেমন আছে আকাঙ্ক্ষা আর তেমনি আশা। 

গানটির ভিজ্যুয়ালেও আছে নতুনত্ব। প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলার গানে দেখা গেলো সাদা-কালো পরিবেশনা। রঙ সরিয়ে রেখে আবেগ, অনুভূতি ও আলোকছায়াকে সামনে আনা হয়েছে। অন্ধকার আর আলো মিলিয়ে তৈরি করা হয়েছে ভালোবাসা ও দূরত্বের দ্বৈত অনুভূতি, যা ভিডিওটিকে দিয়েছে চিরন্তন সিনেমাটিক আবহ।

গানের ভিডিওচিত্র নির্মাণ করেছে রানআউট প্রোডাকশনস এবং দিকনির্দেশনা দিয়েছেন পরিচালক আদনান আল রাজীব। ভিডিওটি শুট করা হয়েছে এক পরিত্যক্ত গ্যালারিতে, যেখানে সমসাময়িক নৃত্যশিল্পীরা দূরত্বের যন্ত্রণা আর ভালোবাসার দৃঢ়তাকে নৃত্যে প্রকাশ করেছেন। সিনেম্যাটিক আলোতে প্রতীকী নাচের ভঙ্গিমা যেন বাড়িয়ে দিয়েছে অপেক্ষা আর ভালোবাসার আবেগ। 

গানটির প্রধান শিল্পী অঙ্কন কুমার বলেন, ‘লং ডিসট্যান্স লাভ’ শুধু একটি ডুয়েট নয়, বরং এখানে কণ্ঠ আর আবেগের মিলন ঘটেছে। কোক স্টুডিও বাংলায় পরিবেশন করা এবং এত প্রতিভাবান সঙ্গীতশিল্পীর সাথে কাজ করা সত্যিই আমার জন্য অনুপ্রেরণার। আমি বিশ্বাস করি, এই গানটি তাদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হবে যারা দূরে থাকা সত্ত্বেও ভালোবাসাকে আঁকড়ে ধরে রেখেছেন।’ 

মুমতাহিনা মেহজাবিন আফরিন বলেন, “লং ডিসট্যান্স লাভ’ গানটি গাওয়া যেন সেই অনুভূতিগুলোকে সরাসরি জীবনে অনুভব করার মতো ছিল। এটি এমন ভালোবাসার গল্প, যা দূরত্ব যতই ঝুঁকির মুখে ফেলে দিক, তা কখনো ভেঙে যায় না। আমি আশা করি শ্রোতারা সেই শক্তি ও কোমলতা অনুভব করতে পারবেন, যা আমরা গানে তুলে ধরার চেষ্টা করেছি।”

সুরকার শুভেন্দু দাস শুভ বলেন, “আমার জন্য এই গানটি ছিল নীরবতাকে সুরে প্রকাশ করার চেষ্টা। দূরত্বের ভালোবাসায় অনেক কথা বলা হয় না, আর আমি চেয়েছিলাম গান সেই অনুভূতি দেখাক, তবে আশার জায়গাও রাখুক। গল্পটি শুধু সুরে নয়, থেমে থাকা সময়েও বলা হচ্ছে।”

কোক স্টুডিও বাংলার লক্ষ্যের সাথে মিল রেখে সুর, ছবি, পরিবেশনা এবং ভিজ্যুয়াল গল্প বলে ‘লং ডিসট্যান্স লাভ’ যেন সৃজনশীল পরিবেশনায় তুলে ধরেছে মানুষের চিরন্তন অনুভূতি। গানটি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং স্পটিফাইতে শুনতে পারবেন শ্রোতারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা