× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৯ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৯ পিএম

গোলাম মামুন সিরিজের সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন শিহাব শাহীন।

গোলাম মামুন সিরিজের সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন শিহাব শাহীন।

একটানা শুটিং শেষ করে গত বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে এখন দেশে রয়েছেন এই ‘বড় ছেলে’।

পরিচালক শিহাব শাহীনের আলোচিত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি দিয়ে অপূর্ব ক্যামেরার সামনে ফিরবেন। ইতোমধ্যে গোলাম মামুন সিরিজের সিকুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন শিহাব শাহীন। অক্টবরের মাঝামাঝি শুরু হবে শুটিং।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিরিজটির প্রথম সিজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সেখানে অপূর্বের চরিত্র ‘গোলাম মামুন’ ছিল গল্পের কেন্দ্রে, যে এক জটিল রাজনৈতিক ও পারিবারিক জালে আটকে পড়া এক সাধারণ মানুষের প্রতিচ্ছবি। দর্শক গল্পটিতে দেখেছেন পুলিশ কর্মকর্তা গোলাম মামুনের নানা কর্মকাণ্ডের মাধ্যমে। হুকুমতদাতাদের কথায় যেখানে সবকিছু হয়। কিন্তু কেউ দেখতে পায় না এই অদৃশ্য হুকুমতদাতাদের। যাদের ইশারায় পুরো দেশের অনেক কিছু পরিচালিত হয়। অথচ তারা সব সময় থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে।

অনেক সময় এই হুকুমতদাতাদের কারণে দোষ না করেও দোষী হয়ে যায় অনেকেই। তাদেরই একজন গোলাম মামুন। এমন একটা গল্প নিয়েই ছিল প্রথম কিস্তির ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজ।

সিরিজটি দেখেছেন এমন অনেকেই সামাজিক মাধ্যমে সেসময়ে লিখছেন, অনায়াসে সিনেমা হতে পারত ‘গোলাম মামুন’। ‘গোলাম মামুন’ চরিত্র অভিনয় করা অপূর্বকে এই সিরিজে নতুনভাবে আবিষ্কার করেছিল দর্শক। দুর্দান্ত অভিনয়, অ্যাকশন দৃশ্যে তার সাবলীলতা, চুল ছেঁটে ফেলার পর কীভাবে যেন মূল চরিত্রে ঢুকে পড়লেন।

সম্প্রতি হইচই অরিজিনাল থ্রিলার ‘গোলাম মামুন’ ব্লেন্ডারস চয়েস- দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের জনপ্রিয় বিভাগে সেরা সিরিজ পুরস্কার জিতেছে। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজ টানটান গল্প ও দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করেছে। বিপুল দর্শক সমর্থনের কারণেই এটি বছরের সেরা সিরিজের স্বীকৃতি পেয়েছে। অপূর্বর সঙ্গে সাবিলা নূরের প্রথম জুটি দর্শকের নজর কেড়েছে। এ ছাড়া ফখরুল বাশার মাসুম, শার্লিন ফারজানা ও রাশেদ মামুন অপুর অভিনয় সিরিজটিকে আরও প্রাণবন্ত করেছে। গত বছর সিরিজে অপূর্বর অভিনয় নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেছিলেন, ‘অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতাতো বহু পুরনো। তবে গোলাম মামুন-এ অপূর্বর ডেডিকেশন দেখে আমি নিজেই অবাক হয়েছি। একজন প্রতিষ্ঠিত অভিনেতা যখন নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য শুটিং সেটে নিজের শতভাগের জায়গায় দুই শতভাগ পরিশ্রম করেন তখন পরিচালকের বুকটা আনন্দে ভরে যায়। অপূর্ব তার দুইশ পার্সেন্ট দিয়েছেন। তিনি কী পরিমাণ কষ্ট করেছেনÑ তা সিরিজটি দেখলে দর্শক বুঝতে পারবেন।’ 

গত কয়েক বছর ধরেই নির্মাতা হিসেবে বেশ ফর্মে রয়েছেন শিহাব শাহীন। সেটা নাটক হোক, ওটিটি কিংবা সিনেমা। নাটকের কাজ কমিয়ে ব্যস্ততা বাড়িয়েছেন ওয়েবে, একই সঙ্গে সিনেমাতেও। যার দরুণ বলা যায়, এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে বেশ চাঙা সময় পার করছেন জনপ্রিয় এই নির্মাতা। সদ্য ঈদে ওয়েব এবং বড়পর্দা দুই মাধ্যমেই ছিলেন তিনি। উপহার দিয়েছেন ‘দাগী’র মতো হিট সিনেমা এবং ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ওয়েব। এরপর থেকে থেমে নেই শিহাব শাহীন। একের পর এক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে শেষ করেছেন দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফারকে নিয়ে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’, এরপর শেষ করেছেন ছয়টি বিজ্ঞাপনের শুটিং। এখন ব্যস্ত রয়েছেন তার আসন্ন ওয়েব সিরিজ ও সিনেমার স্ক্রিপ্টিং নিয়ে।

নতুন একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন ইতোমধ্যে যা নিয়ে নতুন বছরের শুরুতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তার আগে শেষ করতে চান বহুল প্রতীক্ষিত সিরিজ ‘গোলাম মামুন ২’-এর শুটিং, যা দর্শকদের জন্য দারুণ খবর তা বলার অপেক্ষা রাখে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা