প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৬ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম
দেশে বেশ কয়েক বছর ধরেই ওপেন এয়ার কনসার্টের পরিমাণ কমে এসেছে। রাজনৈতিকসহ বিভিন্ন কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা একক শিল্পী এবং ব্যান্ডগুলোর কনসার্ট অনুষ্ঠিত হয়ে থাকে। তবে জুন থেকে সেপ্টেম্বরে দেশে কনসার্টের পরিমাণ সীমিত হয়ে যায়। এ সময়টায় ভিনদেশি কনসার্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রথিতযশা ও খ্যাতিমান তারকাশিল্পীরা। পাশাপাশি সময়ের আলোচিত শিল্পীরাও গান নিয়ে হাজির হচ্ছেন বিদেশের মঞ্চে। সুরের মূর্ছনায় উন্মাতাল করে তুলছেন প্রবাসী ও বিদেশি দর্শকের মন। বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ এবার পা রাখছে কানাডার মঞ্চে। ব্যান্ডটির গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে কানাডায় শুরু হচ্ছে ‘ওয়ারফেজ লাইভ ইন কানাডা’ কনসার্ট ট্যুর। আয়োজনে রয়েছে এমএনসি এন্টারটেইনমেন্ট। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে চলবে এই ট্যুর। শেষ হবে ৩ অক্টোবর। এর মধ্যে ওয়ারফেজ পারফর্ম করবে কানাডার ১০টি বড় শহরে।
আয়োজকদের মতে, এ আয়োজন রকসংগীতপ্রেমী প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক শ্রোতাদের জন্য একটি বিশেষ উপহার। জানা গেছে, ‘ওয়ারফেজ’ কানাডা ট্যুর শুরুটা হবে ৬ সেপ্টেম্বর অন্টারিও শহরে। এরপর একে একে ওয়ারফেজ পৌঁছাবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) এবং আগামী ৩ অক্টোবর উইনিপেগ কনসার্টের মধ্য দিয়ে ওয়ারফেজের সফর শেষ হবে।
ওয়ারফেজ ছাড়াও সেপ্টেম্বর মাসে কানাডা সফরে যাচ্ছে দেশের প্রথম সারির আরও দুই ব্যান্ড আর্ক ও শিরোনামহীন। ১৩ সেপ্টেম্বর টরন্টোতে ‘অবেলায় সুইটি’ কনসার্টে অংশ নেওয়ার মধ্য দিয়ে শুরু হবে তাদের কানাডা সফর। এদিকে দীর্ঘ ১৭ বছর পর কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্র গেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রায় দেড় মাসের এ সফরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অন্তত ১০টি কনসার্টে গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র সফর বিষয়ে আসিফ জানান, সেপ্টেম্বরজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্ট করবেন তিনি। অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে ফেরার ইচ্ছা রয়েছে তার। তবে কনসার্টের সংখ্যা বেড়ে গেলে সফর কিছুটা দীর্ঘ হতে পারে। এই সফরে আসিফ আকবরের সঙ্গী হিসেবে আছেন এ সময়ের আলোচিত তরুণ কণ্ঠশিল্পী আতিয়া আনিসা।
আসিফ আকবর ও আতিয়া আনিসার পাশাপাশি কনসার্টের উদ্দেশ্যে এবার আমেরিকা সফরে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও তার ব্যান্ডে দলছুটের সদস্যরা। যুক্তরাষ্ট্রের ৮টি রাজ্যের একাধিক শহরে পারফর্ম করার কথা রয়েছে তাদের। তাদের দেড় মাসের এই সফরসূচিতে রয়েছে মোট ১১টি কনসার্ট। আগামী ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায় কনসার্ট করার মধ্য দিয়ে শুরু হবে মার্কিন মুল্লুকের সংগীত সফর পর্ব। এরপর একে একে ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস ও সান জোস, টেক্সাসের অস্টিন, হিউস্টোন ও ডালাস, পেনসালভেনিয়ার ফিলাডেলফিয়া, মিশিগানের ডেট্রয়েট, জর্জিয়ার আটলান্টা, ডিসি ও নিউইয়র্কে ধারাবাহিকভাবে ব্যান্ড দলছুটকে নিয়ে কনসার্ট করবেন বাপ্পা মজুমদার। সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন তাহসান। রজতজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ায় সংগীতসফরে যাচ্ছেন তিনি।
আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হবে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড-এর অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে গান শোনাবেন তাহসান। বিদেশে আয়োজনের মাধ্যমে আবারও কনসার্টে ফিরেছেন নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। অস্ট্রেলিয়া সফরে আছেন এখন তিনি। ৬ সেপ্টেম্বর পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে কনসার্ট রয়েছে তার।