প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৪ এএম
বলিউডের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা মানোজ বাজপেয়ী ফের ওটিটিতে হাজির হচ্ছেন এক অচেনা অথচ আকর্ষণীয় চরিত্রে। সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘ইন্সপেক্টর জেন্দে’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। কারণ এখানে একসঙ্গে মিশে গেছে তীক্ষ্ণ অপরাধ-রহস্য আর হিউমারের খুনসুটি।
কে এই ইন্সপেক্টর জেন্দে? ছবির গল্প গড়ে উঠেছে এক দুঃসাহসী পুলিশ অফিসারের জীবনে। বাস্তবের মুম্বাই পুলিশের সাহসী অফিসার মাধুকর জেন্দের অনুপ্রেরণায় তৈরি এই পর্দার চরিত্র। যিনি একসময় ধরেছিলেন ইন্টারপোলের ওয়ান্টেড কুখ্যাত অপরাধী কার্ল ভোজরাজকে। নাম থেকেই অনুমেয় কোন কুখ্যাত আন্তর্জাতিক অপরাধীর বিষয়ে বোঝাতে চেয়েছেন নির্মাতারা। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, বহু বছর আগে ধরা পড়ার পর কার্ল ফের তিহার জেল থেকে পালিয়ে ইউরোপে গা-ঢাকা দেন। তখনই ফের মাঠে নামেন ইন্সপেক্টর জেন্দেÑ তার পুরনো শত্রুকে ধরতে।
মানোজ বনাম জিম, মুখোমুখি লড়াই! আগামীকাল নেটফ্লিক্সে মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজ ‘ইন্সপেক্টর জেন্দে’। সাত ও আটের দশকে মুম্বাইয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিরিজটি।