প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪২ এএম
ম্রুণাল ঠাকুর
সাম্প্রতিক সময়ের আলোচিত নাম ম্রুণাল ঠাকুর। কিছুদিন আগেই অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে কটাক্ষ করে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার তার নিশানায় বলিউডের শীর্ষ নায়িকাদের একজনÑ আনুশকা শর্মা। ম্রুণাল এক পডকাস্ট সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সালমান খানের সুপারহিট ছবি ‘সুলতান’-এর মাধ্যমে তার বলিউড অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু তিনি নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ তখন নিজেকে প্রস্তুত মনে করেননি। শেষ পর্যন্ত ছবিতে নায়িকা হন আনুশকা শর্মা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে বিশাল সাফল্য পায় এবং আনুশকাকে আরও এক ধাপ এগিয়ে দেয়।
ম্রুণালের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, ‘এ রকম অনেক ছবি আছে। আমি না করেছিলাম। কারণ সেই ছবির জন্য তখন আমি প্রস্তুত ছিলাম না। আমি নিশ্চিত যে আমার এ কথায় বিতর্ক শুরু হবে। ছবিটা সুপারহিট হয়েছিল। কিন্তু ছবির অভিনেত্রীর এতে কোনো ফায়দা হয়নি। এ ছবির মাধ্যমে তিনি এগিয়ে যেতে পারেননি। পরে আমার মনে হয়েছিল, আমি যদি ওই সময় ওই ছবি করতাম, তাহলে আমি নিজেকে হারিয়ে ফেলতাম। তিনি এখন কাজ করছেন না, কিন্তু আমি করছি। এটা আমার জন্য এক বড় জয়।’ ম্রুণাল আরও বলেছেন, ‘আমি তাৎক্ষণিক আনন্দ, তাৎক্ষণিক পরিচিতি আর তাৎক্ষণিক খ্যাতি চাই না। কারণ যেটা চটজলদি পাওয়া যায়, সেটা চটজলদি চলেও যায়।’ নাম সরাসরি না নিলেও তার ইঙ্গিত যে আনুশকার উদ্দেশেই, তা বুঝতে বাকি নেই কারও। ম্রুণালের মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আনুশকার ভক্তরা একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন। আনুশকার উদ্দেশে মন্তব্য করার আগে ম্রুণাল বিপাশা বসুকে নিয়েও বিদ্রূপ করেছিলেন। অবশ্য সেটা অনেক আগের। যখন সমালোচনা করেন, তখন ম্রুণাল ছোটপর্দায় ধারাবাহিকে কাজ করতেন।
তখন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ইশ, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।’ পরে অবশ্য তিনি বলেছিলেন, নায়িকার শরীর নিয়ে সমালোচনামূলক কথা, যা ভক্তদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হয়নি। ম্রুণাল ব্যাখ্যা দেন, ক্যারিয়ারের শুরুর দিকে অজ্ঞতাবশত এমন মন্তব্য করেছিলেন।