× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২ পিএম

ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা

এ বছরটা যেন বিশেষভাবে সাজানো জয়া আহসান ভক্তদের জন্য। একের পর এক কাজ নিয়ে দুই বাংলার দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। বছরের শুরুটা হয়েছিল ওটিটি যাত্রায়, যখন ২৮ মার্চ মুক্তি পায় জয়ার প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। এর পর থেকে এখন পর্যন্ত দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার পাঁচটি সিনেমা। সর্বশেষ গত ১ আগস্ট পশ্চিমবঙ্গে দর্শক পেয়েছে তার অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’। কিন্তু সেখানেই থামছেন না জয়াÑ চলতি মাসেই দেশের পর্দা ও ওটিটি দুই মাধ্যমেই আসছে তার নতুন দুটি ছবি।

ফেরেশতে : আন্তর্জাতিক যাত্রার পর দেশীয় প্রেক্ষাগৃহে

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সুবিধাবঞ্চিত এক পরিবারের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। শুধু অভিনয়ই নয়, সহপ্রযোজক হিসেবেও যুক্ত আছেন জয়া আহসান। ২০২২ সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর ছবিটি ঘুরেছে আন্তর্জাতিক উৎসবগুলোতে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য জিতেছে ইরানের জাতীয় পুরস্কার। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা পেয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। লায়ন সিনেমাসের কেরানীগঞ্জ শাখা ইতোমধ্যে পোস্টার শেয়ার করে ঘোষণা দিয়েছেÑ শিগগিরই আসছে ‘ফেরেশতে’। স্টার সিনেপ্লেক্সও জানিয়েছে, প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে তারিখ ঘোষণা করা হবে। তবে জয়া নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

জয়া আর শারমিন : এক গৃহবন্দি সম্পর্কের গল্প

একই সময়ে ওটিটিতেও আসছে জয়া অভিনীত আরেকটি আলোচিত ছবি ‘জয়া আর শারমিন’। চরকি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেপ্টেম্বরেই তাদের প্লাটফর্মে মুক্তি পাবে ছবিটি। পিপলু আর খানের পরিচালনায় এ সিনেমা প্রথমে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৬ মে। ছবির গল্প আবর্তিত হয়েছে দুই নারীকে কেন্দ্র করে। জয়া এখানে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেত্রীর চরিত্রে, আর তার সহকারী শারমিনের ভূমিকায় রয়েছেন মহসিনা আক্তার। করোনা মহামারির সময়ে দীর্ঘদিন গৃহবন্দি হয়ে থাকতে গিয়ে ধীরে ধীরে তাদের সম্পর্কের রূপান্তর ঘটে। পেশাগত সম্পর্ক একসময় ব্যক্তিগত ঘনিষ্ঠতায় রূপ নেয়Ñ তারা হয়ে ওঠে একে অন্যের সঙ্গী রান্না, আড্ডা, স্মৃতিচারণায়। তবে সেই ঘনিষ্ঠতার মাঝেও অদৃশ্য এক দেয়াল তৈরি হয়, তারকা খ্যাতি আর সাধারণ জীবনের ফারাক তাদের সম্পর্কে টানাপড়েন তৈরি করে। এই উত্থান-পতনের গল্পই বলা হয়েছে ছবিতে। এ ছবিরও সহপ্রযোজক জয়া আহসান নিজেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা