প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮ এএম
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ এবার পা রাখছে কানাডার মঞ্চে। ব্যান্ডটির গৌরবময় ৪০ বছর পূর্তি উপলক্ষে কানাডায় শুরু হচ্ছে ‘ওয়ারফেজ লাইভ ইন কানাডা’ কনসার্ট ট্যুর। আয়োজনে রয়েছে এমএনসি এন্টারটেইনমেন্ট। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে পুরো মাসজুড়ে চলবে এই ট্যুর। শেষ হবে ৩ অক্টোবর। এর মধ্যে ওয়ারফেজ পারফর্ম করবে কানাডার ১০টি বড় শহরে। আয়োজকদের মতে, এ আয়োজন রকসংগীতপ্রেমী প্রবাসী বাংলাদেশি ও আন্তর্জাতিক শ্রোতাদের জন্য একটি বিশেষ উপহার। এই ট্যুরের অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর টরন্টোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ারফেজ লাইভ ইন টরন্টো’ যা হবে ‘প্রথম বাংলাদেশ ইয়ুথ ফেস্টিভ্যাল’-এর অন্যতম প্রধান আকর্ষণ। আয়োজকরা বলছেন, এটিই হতে যাচ্ছে কানাডায় আয়োজিত সর্ববৃহৎ বাংলা কনসার্ট।
ওয়ারফেজের প্রতিষ্ঠাতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘ওয়ারফেজ ৪০ বছরের পথ পেরিয়েছেÑ ভাবতেই ভালো লাগে। শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছে। এখনও আমরা ভক্তদের ভালোবাসায় টিকে আছি।’
প্রবাসী নতুন প্রজন্মের কাছে বাংলা গানকে পৌঁছে দিতে এবং দেশীয় শিল্পীদের বিশ্বমঞ্চে তুলে ধরতেই এ আয়োজন।
জানা গেছে, ‘ওয়ারফেজ’ কানাডা ট্যুর শুরুটা হবে ৬ সেপ্টেম্বর অন্টারিওর লন্ডন শহরে। এরপর একে একে ওয়ারফেজ পৌঁছাবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) এবং আগামী ৩ অক্টোবর উইনিপেগ কনসার্টের মধ্য দিয়ে ওয়ারফেজের সফর শেষ হবে। ১৯৮৪ সালের ৫ জুন বাংলাদেশের রকসংগীতে যাত্রা হয়েছিল ‘ওয়ারফেজ’ ব্যান্ডের। তাদের দর্শকনন্দিত গানগুলোর মধ্যে রয়েছেÑ অবাক ভালোবাসা, বসে আছি একা, জীবনধারা, অসামাজিক, পূর্ণতা, মৌনতাসহ বেশকিছু গান। তাদের রয়েছে আটটি ব্যান্ড অ্যালবাম এবং বেশকিছু মিক্সড অ্যালবাম। এ ছাড়া রয়েছে একক গানের সমাহার।