× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পর্দায় যাত্রা শুরু প্রভার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪ পিএম

সাদিয়া জাহান প্রভা

সাদিয়া জাহান প্রভা

দুই দশকের অভিনয়যাত্রা, অথচ প্রভার ঝুলিতে একটিও সিনেমা ছিল না। বিষয়টি তাকে প্রায়ই আক্ষেপে ফেলত। সহকর্মীদেরও ধারণা ছিল, হয়তো প্রভা কখনোই বড়পর্দায় নামবেন না। তিনিও মেনে নিয়েছিলেন- সিনেমা তার জন্য নয়। কিন্তু অবশেষে সেই ধারণার অবসান ঘটালেন তিনি। ক্যামেরার সামনে দাঁড়িয়েই সুখবর জানালেন প্রভা। তার প্রথম সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। নির্মাণ করছেন ঝুমুর আসমা, যিনি জুঁই নামেই বেশি পরিচিত। ২৫ আগস্ট থেকে প্রভার অংশের শুটিং শুরু হলেও সিনেমাটির কাজ চলছে আরও আগে থেকেই। 

মফস্বলে বেড়ে ওঠা একটি মেয়ের গল্প নিয়ে ‘দুই পয়সার মানুষ’। যে আইন নিয়ে পড়াশোনা করেছে, যার পরিবার শিক্ষিত ও প্রভাবশালী। যাকে একসময় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেই মেয়ে হয়েই পর্দায় আসছেন প্রভা। সিনেমাটিতে চুক্তি করে গ্রুমিং করতে হয়েছে। শুটিংয়ের জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। প্রথমবার, তাই কোমর বেঁধেই নেমেছেন এ অভিনেত্রী। নিজের সবটা দিয়ে কাজটি করতে চান।

সিনেমার নায়িকা হিসেবে অভিজ্ঞতা কেমন হলো? এই প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে প্রবা বলেন, ‘নাটকের পরে সিনেমার নায়িকা হিসেবে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা হলো। সিনেমায় নাম না লেখালে এই অভিজ্ঞতা অজানাই রয়ে যেত। আমি তো আগে জানতামই না নায়িকাদের এত এত খাতির করে। শুটিং সেটে আপ্যায়নের শেষ নেই। নায়িকাদের খাবারদাবার কোনো কিছুর অভাব ছিল না। না চাইতেই সব চলে আসে। বলা যায়, গায়ে একটু রোদও লাগার সুযোগ নেই। সারাক্ষণ প্রোডাকশন সহকারীরা ছাতা ধরে রাখে। আমি যেখানেই যাই, সেখানেই ছাতা। কী লাগবে সারাক্ষণ জানতে চায়। বুঝতে পারলাম, সিনেমাতে নায়িকাদের খাতির বেশিই করে। এই সম্মানটা আমার কাছে ভালো লেগেছে। শুটিং ইউনিটের পরিচালক, প্রযোজকদের এজন্য আমার কৃতজ্ঞতা।’

প্রভা জানালেন, ক্যারিয়ারের শুরুতেই বিজ্ঞাপনচিত্র দিয়ে প্রশংসিত হন। সেই থেকেই তার ব্যস্ততা বাড়তে থাকে। নাটকের সঙ্গে নিয়মিত সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসতে থাকে। গল্প-চরিত্র দেখে একবার রাজিও হয়ে যান। তখন তার বয়স ছিল মাত্র ১৭। সেই সিনেমার নাম ‘মনপুরা’। সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী। কিন্তু বেশকিছু কারণে সিনেমাটিতে শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি। ‘সিনেমাটিতে অভিনয় করতে না পারায় আমার মন খারাপ হয়েছিল। তখন তো অনেক ছোট ছিলাম। ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অনেক কেঁদেছিলাম। সেই সিনেমাটি পরে কত আলোচনায় এলো। মন খারাপ হওয়া স্বাভাবিক নয় কি? এসব নিয়ে এখন ভাবি না। এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিতাম যে, সময়-সুযোগ হলে আবার সিনেমায় কাজ করা যাবে। অভিনয় তো ছাড়ছি না। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেছি।’

প্রভা জানালেন, টানা শুটিং হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুটিং বন্ধ করতে হয়েছে। এরপরও শুটিংয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ততা। ‘দুই পয়সার মানুষ’ নামে অনুদানের এই সিনেমায় তার জুটি হয়েছেন এবিএম সুমন।

অন্যদিকে গাজীপুরের হোতাপাড়ায় প্রভা অংশ নিয়েছেন সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

প্রথম দুই চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা বলেন, অনেক দিন আগেই এ সিনেমা দুটির সঙ্গে যুক্ত হয়েছি। তবে আগেভাগে জানাতে চাইনি। যে কারণে শুটিংয়ে অংশ নিয়ে সুখবরটি সবার সঙ্গে ভাগ করা। দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে। আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’ ‘দেনা পাওনা’ ২০২২-২৩ অর্থবছরের সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পায়। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় দফায় এফডিসি দিয়ে শেষ হবে এ সিনেমার চিত্রায়ণ। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা অনুদান পায়। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা