প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬ পিএম
তামান্না ভাটিয়া
গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার আইটেম গান ‘আজ কি রাত’ দিয়ে রীতিমতো ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া। তবে এবার আইটেম গান নয়, ওয়েব সিরিজ নিয়ে আসছেন অভিনেত্রী। তামান্না ভাটিয়াকে এবার দেখা যাবে নারী উদ্যোক্তার চরিত্রে।
‘ডু ইউ ওয়ানা পার্টনার’ সিরিজের দেখা যাবে তাকে। অ্যামাজন প্রাইম ভিডিওর নতুন সিরিজটিতে তিনি অভিনয় করছেন এমন এক নারীর ভূমিকায়, যিনি চাকরি হারানোর পর সাহস করে শুরু করেন নতুন ব্যবসা। ‘পর্দায় আমরা একটি চরিত্রের জার্নি তুলে ধরতে চেয়েছি। আমি মনে করি, দর্শকরাও এই উত্থান-পতনের যাত্রাটা উপভোগ করবেন,’ ট্রেলার মুক্তি অনুষ্ঠানে বলেন তামান্না। তামান্না মনে করেন, নারীকে সব সময় অবমূল্যায়ন করা হয়। তার ভাষ্যে, ‘এমন কোনো নারী নেই যিনি জীবনের কোনো না কোনো পর্যায়ে অবমূল্যায়নের শিকার হননি।’ সিরিজটি আগামী ১২ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। চলতি বছরটা অবশ্য খুব একটা ভালো যায়নি তামান্নার। ভক্তদের আশা, সিরিজটি দিয়ে ফর্মে ফিরবেন তিনি। ২০২৫ সালে তার অভিনীত তেলেগু সিনেমা ‘ওডেলা ২’ সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি। এ ছাড়া তাকে দেখা যায় ‘রেইড ২’ সিনেমার আইটেম গানে। তবে এ গানও ‘আজ কি রাত’-এর মতো সাড়া ফেলতে পারেনি। চলতি বছর তামান্না অভিনীত আরও চারটি হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার কথা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে তামান্নার ক্যারিয়ারের ‘দ্বিতীয় ইনিংস’ শুরু হয়। এ সিরিজ দিয়েই দীর্ঘদিনের নিয়ম ভেঙে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন তিনি।