× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গানে গানে ২৫ বছর তাহসানের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১২:২৯ পিএম

 তাহসান খান

তাহসান খান

বন্ধুদের নিয়ে ১৯৯৮ সালে অলটারনেটিভ রক ব্যান্ড গড়েছিলেন তাহসান খান। তবে তার পেশাদার সংগীত ক্যারিয়ার শুরু হয় এর দুই বছর পর ব্ল্যাক ব্যান্ড দিয়ে। সে হিসাবে এ বছর সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন তাহসান। রজতজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়ায় সংগীত সফরে যাচ্ছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেড থেকে শুরু হবে তাহসান অ্যান্ড দ্য ব্যান্ডের অস্ট্রেলিয়া সফর। গতকাল ফেসবুকে এমনটাই জানালেন তাহসান। অ্যাডিলেডের পর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে গান শোনাবেন তাহসান। ইতোমধ্যে শুরু হয়েছে এসব কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।

ব্ল্যাক ব্যান্ড দিয়ে পরিচিতি পেলেও ব্যান্ডটির সঙ্গে বেশি দিন থাকেননি তাহসান। ২০০৪ সালে ব্ল্যাক ছেড়ে মনোযোগ দেন একক ক্যারিয়ারে। সেখানেও পান আকাশছোঁয়া সাফল্য। জনপ্রিয়তা পায় তার ‘কথোপকথন’, ‘কৃতদাসের নির্বাণ’, ‘ইচ্ছে’ অ্যালবামের গানগুলো। মোট ৭টি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাহসানের। বিভিন্ন মিক্সড অ্যালবামেও গান করেছেন। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আমার পৃথিবী’, ‘এখনও’, ‘ঈর্ষা’, ‘আলো’, ‘প্রেম তুমি’, ‘প্রেমাতাল’, ‘হঠাৎ এসেছিলে’, ‘কে তুমি’ ইত্যাদি। পরবর্তী সময়ে বেশ কয়েক বছর ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন তাহসান। সংগীতের পাশাপাশি অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা আছে তার। অভিনয় করেছেন নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমায়।

তবে কয়েক বছর ধরে অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন তাহসান। সবশেষ গত বছর ‘বাজি’ নামের ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এ সিরিজ দিয়ে প্রায় দুই বছর পর অভিনয়ে ফিরেছিলেন। অভিনয়ে না দেখা গেলেও ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ অনুষ্ঠানের প্রথম সিজন উপস্থাপনা করেছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে অনুষ্ঠানটির প্রচার। এক সাক্ষাৎকারে তাহসান স্মৃতিচারণ করেন তাহসান। ২০০২ সালে ব্ল্যাক–এর অ্যালবাম ‘আমার পৃথিবী’তে তার গান ‘এখনও’ তখন সুপারহিট। তাহসান বলেন, ‘একদিন এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলাম। ওই পথে তখন অনেক ক্যাসেট ও সিডির দোকান। সব জায়গায় বাজছে ‘এখনও’। সে এক অসাধারণ অনুভূতি। কেউ চেনেন না, অথচ সবাই আমার গান শুনছেন।’ এখন মঞ্চে ‘এখনও’ গাইতে শুরু করলে দর্শক মুখ থেকে কেড়ে নিয়েই গাইতে থাকেন। এ নিয়ে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, ‘এত বছর পরও আমার গান শুনছেন, এর চেয়ে সুন্দর অনুভূতি আর কী হতে পারে।’ তিনি আরও বলেন, ‘মানুষের জীবনে প্রাপ্তি, অপ্রাপ্তি থাকে। গানে আমার প্রাপ্তিই বেশি। এত দীর্ঘ সময় ধরে যারা আমার গান শুনে চলেছেন, শ্রোতাদের কৃতজ্ঞতা জানাই।’ 

রক থেকে পপ

১৯৯৮ সালের দিকে বন্ধুদের নিয়ে অলটারনেটিভ রক ব্যান্ড দিয়ে তাহসানের শুরুটা হয়েছিল। শুরুতে গানটা নিজেদের ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্যান্ড হিসেবে শো করতেন। গানগুলো ছিল রক ঘরানার। শুরুর দিকে তাহসান কি-বোর্ড বাজাতেন, অল্প কিছু গান করতেন। সে সময় তাহসানের নিজের লেখা কিছু গান করা ছিল। যেগুলো রক নয়, পপ। 

পপের জগতে 

কথোপকথনের ‘দূরে তুমি দাঁড়িয়ে’ ও ‘ঈর্ষা’ গানগুলো ছড়িয়ে পড়ল। পরের তিনটা বছর তাহসানের কাছে রূপকথার মতো। ২০০৫ সাল মুক্তি পাওয়া ‘কৃত্যদাসের নির্বাণ’ অ্যালবামের ‘প্রেমাতাল’ গানটিও জনপ্রিয় হলো। পরের বছর ইচ্ছে অ্যালবামের ‘আলো’ সে সাফল্যকেও ছাড়িয়ে গেল। তবে এরপর এল পাইরেসি, যা বদলে দিল গান প্রকাশের গতিপথ। সিডি বিক্রি বন্ধ হতে থাকে, গান করা কমিয়ে দিলেন তাহসান। তার ইচ্ছে অ্যালবামটিই শেষ সিডিতে বিক্রি হয়েছে। এরপর বৃত্তি নিয়ে এমবিএ করতে দেশের বাইরে চলে গেলেন।

দেশে ফেরা

২০১১ সালে দেশে ফেরেন তাহসান। এসেই গান শুরু করলেন। পাশাপাশি পা রাখলেন নতুন আঙিনায়— অভিনয়। আগে নিজের গান বেশিরভাগই লিখতেন, সুর করতেন। দেশে ফিরে অন্যের লেখা আর সুরে গান গাওয়া শুরু করলেন তিনি। গানের পাশাপাশি অভিনয়ও চলতে থাকল। সিনেমায়ও গাইলেন, ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তার গান জনপ্রিয়তা পায়।

নতুন অধ্যায়

শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। দীর্ঘ ১১ বছর সংসার-জীবনের পর ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই দুই তারকা। এর কিছুদিন পরই শোবিজ পাড়ায় তাহসানের বিয়ের গুঞ্জন ওঠে। তাহসান ভক্তরাও চান, তাহসান আবার সংসারী হোক। এ বছরের শুরুতে অবশেষে তাহসান বিয়ে করেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। জীবনের অধ্যায় শুরু করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা