প্রবা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৫:৩৭ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৬:১৪ পিএম
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি
ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বলেছেন, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার।
সেই সঙ্গে তার দাবি, তাকে কাস্ট করার পরও বাদ দিয়ে অন্যজনকে নেওয়া হয়েছে। সিনেমাজগতের সিন্ডিকেটের কবলে পড়ে এখন অসুস্থ এবং ক্লান্ত বোধ করছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার বাংলা সংস্করণ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন দীঘি।
সেখানেই দীঘি দাবি করেন, তাকে কাস্ট করার পর সিনেমার পরিচালক অন্যজনকে নিয়েছেন সেই খবর সোশ্যাল মিডিয়াতেই পেয়েছেন তিনি।
দীঘি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘তুমি জানো একা স্টারকিড হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে। যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়...। যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে।’
ওই পোস্টে সিনেমাজগতের লোকদেরও ইঙ্গিত করেন দীঘি। তার দাবি, চলচ্চিত্রজগতের লোকেরাই সবচেয়ে বেশি নিষ্ঠুর হন।
তিনি লিখেছেন, ‘আমাদের এ ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সর্বোচ্চ নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসে তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং সিম্পলি আমি আল্লাহর ওপর আস্থা রাখি।’
তিনি জানান, তার এ লেখার কোনো উদ্দেশ্য নেই। তিন বছর ধরেই তিনি ক্ষোভ বুকে পুষে রেখেছেন। দীঘি লিখেছেন, এখন এ রকম সিন্ডিকেটের খেলায় তিনি অসুস্থ এবং ক্লান্ত হয়ে পড়েছেন।
প্রার্থনা ফারদিন দীঘি অভিনেতা সুব্রত ও প্রয়াত দোয়েল দম্পতির মেয়ে। ছোট থেকেই তিনি সিনেমাজগতের সঙ্গে যুক্ত। ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন তিনি।
তার প্রথম অভিনয় ছিল ‘কাবুলিওয়ালা’ সিনেমায়। ২০০৬ সালে সেই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি। গত বছর মুক্তি পায় দীঘি অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা। তারপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার।
বর্তমানে বেশকিছু সিনেমা ও ওয়েব ফিল্মে অভিনয় করছেন দীঘি।