প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১২:৪১ পিএম
ইধিকা পাল
ঢালিউডের ‘প্রিয়তমা’র ইধিকা পাল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী। সবখানেই দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। তাই টালিউডে তার নাম হয়েছেÑ ‘বাংলার ক্রাস’। ‘পিলু’ ধারাবাহিক শেষ হওয়ার পর আর ছোট পর্দায় দেখা যায়নি ইধিকা পালকে। একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি। তার সেই সাফল্যই প্রমাণ করেছে সত্যিই তিনি ‘বাংলার ক্রাস’। জানা গেছে, নতুন কাজের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন এ অভিনেত্রী।
তিনি কারও ‘প্রিয়তমা’, আবার কারও কাছে ‘কিশোরী’। বিপরীতে কখনও শাকিব খান, কখনও দেব, আবার কখনও সোহম চক্রবর্তীর মতো নায়করা জুটি হয়ে কাজ করছেন। এভাবেই অভিনেত্রী ইধিকা পালের ঝুলিতে একের পর এক বড় পর্দার কাজ এগিয়ে যাচ্ছে।
এবার নাকি তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমার নায়িকা হচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জনÑ আগামী সিনেমার জন্য নাকি ইধিকার কথা ভাবছেন পরিচালক। সবটাই এখন প্রাথমিক পর্যায়ে। চূড়ান্ত হয়নি কিছুই। কারণ কৌশিক এখনও ‘ধূমকেতু’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন। মাঝে ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিংও সেরেছেন তিনি। আর ইধিকারও আগামী এক মাস শিডিউল ফাঁকা নেই।
এর মধ্যেই আগামী ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে ইধিকা-সোহম জুটির সিনেমা ‘বহুরূপ’। এ কাহিনীতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন নায়িকা। যদিও তাকে দেখলে এখনও সাধারণ মানুষের মনে ‘কিশোরী’ গানের কথাই প্রথমে আসছে। অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’ সিনেমায়ও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। মাঝে যদিও শোনা গিয়েছিল, এ সিনেমায় দেখা যাবে না তাকে। ভিসা-সংক্রান্ত সমস্যার কারণে নাকি এ সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ইধিকা পাল। সব জল্পনা উড়িয়ে জ্যোতির্ময়ী কুণ্ডুর পাশাপাশি দেখা যাবে তাকেও।
সূত্র বলছে, এ সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইধিকাকে। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিনেমা প্রসঙ্গে এখন পর্যন্ত নায়িকা বা পরিচালকের কেউ-ই কিছু বলেননি। তবে নতুন খবরের অপেক্ষায় ইধিকার ভক্ত-অনুরাগীরা।