× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘নন্দিনী’ ও ‘বাড়ির নাম শাহানা’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১২:৩১ পিএম

আসছে ‘নন্দিনী’ ও ‘বাড়ির নাম শাহানা’

ঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেন না নির্মাতারা। তাই ঈদ ছাড়া বছরের বাকি সময়টা বন্ধ থাকে বেশিরভাগ হল। আর চালু থাকা হলগুলোর ভরসা পুরনো সিনেমা। গত কোরবানির ঈদ উপলক্ষে ৭ জুন মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। পরের তিন মাসে আলোর মুখ দেখেছে মাত্র চারটি সিনেমা। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট প্রেক্ষাগৃহে আসা ‘জলরঙ’ আগেই মুক্তি পেয়েছিল ওটিটিতে। তবে আগামী সেপ্টেম্বরে বেশ কয়েকটি সিনেমা মুক্তির আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে ১২ সেপ্টেম্বর ‘নন্দিনী’ ও ১৯ সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’।

ছয় বছর পর ‘নন্দিনী’

দুই বছর ধরে একের পর এক মুক্তির দিনক্ষণ ঘোষণায় এসেছে ‘নন্দিনী’ সিনেমার। পরবর্তী সময়ে নানা জটিলতায় শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি। এবার সেই ‘নন্দিনী’ আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি দিতে চান পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। সেভাবেই এখন সব পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। আজ প্রচারণায় প্রকাশ্যে আসছে সিনেমাটির ট্রেলার। সোয়াইবুর রহমান বলেন, ‘এখন সিনেমাটি রিলিজ করা দরকার। ফাইনালি গত বছর ২ আগস্টকে টার্গেট করে এগিয়েছিলাম, পরে তো আর কোনো কিছুই সম্ভব হয়নি। এখন আর বসে না থেকে আগামী মাসকেই বেছে নিচ্ছি। সিচুয়েশন কেমন হবে, সেটা এখনও বুঝতে পারছি না। তবে আমরা আশা করছি ভালো একটা সময় হয়ে আসবে সেপ্টেম্বর। সেভাবেই আমরা পোস্টার, ব্যানার সব রেডি করছি।’ গত বছর জুলাইতে অফিসিয়াল পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, আগস্ট মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে। সেভাবেই এগিয়ে চলে প্রচার-প্রচারণা। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন ও গণঅভ্যুত্থানে সিনেমাটির মুক্তি আবার পিছিয়ে যায়। হার না-মানা এক তরুণীর সংগ্রাম নিয়েই এই সিনেমা। এই তরুণীকে তিনটি রূপে দেখা যাবে। নামভূমিকায় অভিনয় করেছেন নাজিরা মৌ। সিনেমায় সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত। ২০১৯ সালে সিনেমাটির শুটিং হয়। সেই সময়ে বেশ কয়েকবার শুটিং হয়েও শিডিউলসহ বেশকিছু জটিলতায় শুটিং বন্ধ হয়ে যায়। পরে শুরু হয় করোনা। এর মধ্যেই সিনেমাটির বাকি কাজ শেষ হয়। তারপর সিনেমাটির পোস্টের কাজ শেষ করে মুক্তির প্রক্রিয়ায় এগোতে থাকেন পরিচালক। তিনি জানান, দুই বছর আগে সিনেমাটি সেন্সর পেলেও পরবর্তী সময়ে নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে যান। পরে চলে আসে দুই ঈদ। পরিচালক জানালেন, ভালো একটি সময়ের অপেক্ষায় ছিলেন। ‘নন্দিনী’ ছবিটি বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। তামজীদ রহমান এ ছবির চিত্রনাট্য করেছেন। আর ছবিটি প্রযোজনা করছে নয়নতারা লিমিটেড। ‘নন্দিনী’তে আরও অভিনয় করেছেনÑ ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ অনেকে।

উৎসবের পর প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

একজন নারীর জীবন-সংগ্রামের গল্প নিয়ে লিসা গাজী বানিয়েছেন বাড়ির নাম শাহানা। গত কয়েক বছরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে সিনেমাটি। প্রদর্শিত হয়েছে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পালা। নির্মাতা লিসা গাজী জানান, আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। তিনি আরও জানান আগামী ১২ অক্টোবর অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে বাড়ির নাম শাহানা।

বাড়ির নাম শাহানার মুক্তির খবর জানিয়ে ফেসবুকে লিসা গাজী লেখেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বাড়ির নাম শাহানা দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ। এই সিনেমার গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি, যেখানে ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে আমাদের অতি চেনা জগতের একজন সাধারণ নারীর গল্প বলেছি! এটি মন বিষণ্ন করে দেওয়া সিনেমা না, বরং জীবনের জয়গানে মুখর। আমাদের একমাত্র চাওয়া, দর্শকরা সপরিবার ও সবান্ধব এসে সিনেমাটি দেখুন। তাদের রায় শোনার জন্য আমরা অধীর আগ্রহে দিন গুনছি।’ বিবাহবিচ্ছেদ হওয়া এক নারীকে ঘিরে সিনেমার গল্প। তার নাম দীপা। কোনোভাবেই সে চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল পরিবারে বড় হলেও সমাজের কূপমণ্ডূকতা অস্বীকার করে নিজের মতো করে বাঁচতে চায় দীপা।

দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। আরও আছেনÑ জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা