প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫ ১২:৩২ পিএম
নাজিফা তুষি
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা নাজিফা তুষি অন্যদের তুলনায় খানিকটা ধীরগতিতেই এগোচ্ছেন। তবে অল্প কাজেই তৈরি করেছেন আলাদা জায়গা। দুটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ শেষ করে এখন মনোযোগ নতুন ছবির প্রস্তুতিতে।
-68ac03160f3a1.jpg)
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তুষি বলেন, ব্যক্তিগত জীবনে আমি অনেকটাই বুঝেশুনে পা ফেলি, ধীরস্থিরভাবে। হুট করেই কোনো সিদ্ধান্ত নিতে চাই না। সেটা আমার ক্যারিয়ারেও আছে। আমি শুরু থেকেই বাছবিচার করে কাজ করছি। একটি চিত্রনাট্য পেলাম আর ঝাঁপিয়ে পড়লাম, বিষয়টা এমন নয়। শুধু শুধু কাজের সংখ্যা বাড়াতে চাই না। দর্শক যদি কোনো কাজ গ্রহণই না করে, সেটা করে লাভ নেই। ব্যক্তিগত জীবনের মতোই ক্যারিয়ারে তাড়াহুড়া নেই। নতুন কাজ প্রসঙ্গে বলেন, অনেক আগে ‘রইদ’-এর শুটিং শেষ। এটা নিয়ে সামনে সুখবর আসবে। ‘রঙ্গমালা’র কিছু শুটিং বাকি রয়েছে। সেটা অক্টোবরে করব। আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি সিরিজ করেছি, সামনে আসবে। এখন নতুন আরেকটি কাজের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা রয়েছি। কাজটি সম্পর্কে সময় হলেই জানাব। আরও কিছু কাজ রয়েছে। এগুলো পরপর এলেই মনে হবে, কত কাজ করি।
নিজের সহকর্মী সম্পর্কে তার মূল্যায়ন, এখনও তো তাসনিয়া ফারিণ ভালো করছে। তানজিন তিশা পটেনশিয়াল আছে, সে মেধাবী শিল্পী, কিন্তু ব্যাটে-বলে হয়তো ওর সুযোগটা হচ্ছে না। তাসনুভা তিশাও ভালো, হয়তো সুযোগটা পাচ্ছে না। কিন্তু পাওয়া উচিত। সাদিয়া আয়মানও ভালো করছে। মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তারাও মেধাবী, সেই সুযোগও পেয়েছে। সবার নাম হয়তো এ মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু অনেকেই ভালো করছে।
-68ac032200c0a.jpg)
নিজের সৌন্দর্য ও মেধা শক্তি দিয়ে প্রায় এক দশক ধরে মিডিয়ায় কাজ করে যাচ্ছেন। রূপালি পর্দা ও ওটিটিতে নিজেকে তিনি তুলে ধরেছেন নানা অবয়বে। কিন্তু একটাই কষ্ট তার। পর্দায় সবাই তার সুনাম করলেও বাস্তবে কেউ তার রূপের প্রশংসা করেন না। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন তুষি। সেখানেই উঠে আসে নানা প্রসঙ্গ। তুষি বলেন, ‘আমার সৌন্দর্যের কেউ প্রশংসা করে না। অডিয়েন্স প্রশংসা করে। আমাকে কেউ সামনাসামনি বলেনি আমি অনেক সুন্দর। এমনটা শুনিনি। তবে এটা বুঝতে পারি, কেউ সুন্দর বলতে চায়। এগুলো আমি মাথায় নিই না। কারণ, আমার কাছে মনে হয় না আমি অনেক সুন্দর। যতটা প্রেজেন্টেবল থাকা দরকার, ততটা আছি। আর সৌন্দর্যের শেষ নেই। কত সুন্দর সুন্দর মানুষ আছে পৃথিবীতে।’ সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিকোণ শেয়ার করে তুষি বলেন, ‘একটা মানুষের কাজ, আচরণ বা ব্যক্তিত্ব সবার আগে আমাকে আকর্ষণ করে। একটা মানুষ কতটা মেধাবী, তার পরিশ্রমের ডেডিকেশন কতটা, আউট অব বিউটি থেকে ইনার বিউটি আমার কাছে গুরুত্বপূর্ণ।’ সৌন্দর্যের দিক থেকে দেশের পুরুষ অভিনয়শিল্পীদের চেয়ে নারীদের এগিয়ে রাখলেন তুষি। তার ভাষ্যমতে, ‘আমার কাছে মনে হয়, আমাদের দেশের মেল অ্যাক্টরদের থেকে ফিমেল অ্যাক্টররা অনেক বেশি সুন্দর। কাজের জায়গায় এরা সৎ। আমাদের দেশের মেয়েরা শিক্ষায়, পরিশ্রমে, ডেডিকেশন, সততায় ছেলেদের চেয়ে অনেক বেশি এগিয়ে। আমরা যে সোসাইটি বিলং করি, সেখানে ছেলে অ্যাক্টররা অভিনয়ে, রেমুনারেশনে আমাদের ডমিনেট করে। ছেলেরা যে অনেক বেশি ডিসিপ্লিনড, তা নয়। যখন একটা ছেলের পরিচিতি বাড়ে, তখন সে পারিশ্রমিক বাড়িয়ে দেয়, ভালো চরিত্র পায়। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে ভালো চরিত্র পাওয়া কঠিন।’
তাণ্ডব সিনেমার পর নতুন সিনেমার কাজ শুরুতে যাচ্ছেন রায়হান রাফী। কেউ কেউ বলছেন, সিনেমাটির শুটিংও শুরু করে দিয়েছেন। কারণ এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান। হরর সিনেমাটির নাম ‘আন্ধার’। এটা নিয়েই রাফী এখন ব্যস্ত। শুরুতে শোনা যাচ্ছিল, সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। পরে নায়িকা হিসেবে নাজিফা তুষির যুক্ত হওয়ার কথা শোনা যায়। নতুন করে শোনা যাচ্ছে, সিনেমাটিতে চঞ্চল চৌধুরীও রয়েছেন। সিনেমার চিত্রনাট্যের প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন সিনেমাটির চিত্রগ্রাহক সুমন সরকার। তাকে অভিনন্দন জানিয়েছেন সিনেমার আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। এ থেকেই ভক্তরা দুই দুইয়ের চার মিলিয়েছেন।