প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১১:৪৫ এএম
নির্মাতা তানভীর মোকাম্মেল
মতুয়া রত্ন সম্মান-২০২৫ পাচ্ছেন নির্মাতা তানভীর মোকাম্মেল। মতুয়া সম্প্রদায় নিয়ে ‘মতুয়া মঙ্গল’ নামের প্রামাণ্যচিত্রের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ৩১ আগস্ট সর্বভারতীয় মতুয়া মহাসংঘের উদ্যোগে পশ্চিমবঙ্গের বনগাঁর ত্রিকোণ পার্কের নীলপদ্ম অডিটোরিয়ামে তানভীর মোকাম্মেলের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।
মতুয়া মঙ্গল প্রামাণ্যচিত্রে নির্মাতা তুলে ধরেছেন মতুয়া জনগোষ্ঠীর জীবন ও মতুয়া ধর্মের দার্শনিক দিক। গত ১২ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর কিনো-আই ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় মতুয়া মঙ্গল। মতুয়াদের প্রায় ২০০ বছরের ইতিহাস, তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, তাদের জীবনধারা, আর্থসামাজিক প্রেক্ষাপট, বর্তমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে এ মতুয়া মঙ্গল প্রামাণ্যচিত্রে। এতে মতুয়া সম্প্রদায়ের নেতা ও মতুয়া নারী-পুরুষের সাক্ষাৎকারও রয়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতের ঠাকুরনগর, আন্দামান, উত্তরাখণ্ড ও দণ্ডকারণ্যে শুটিং হয়েছে প্রামাণ্যচিত্রটির। কিনো-আই ফিল্মসের ব্যানারে তানভীর মোকাম্মেল মতুয়া মঙ্গল বানিয়েছেন গণঅর্থায়নে।