প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ১১:৪১ এএম
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন। সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এক গুচ্ছ কদম’। এর আগে দর্শকের ঘুম কেড়েছিলেন জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করে। এতে ঊষা চরিত্রে দেখা গেছে পারশাকে। এবার তিনি হাজির হয়েছেন এক গুচ্ছ কদম নিয়ে।
হ্যাঁ, ক্লোজআপ কাছে আসার গল্পের প্রথম নির্বাক চলচ্চিত্র ‘একগুচ্ছ কদম’-এ অভিনয় করেছেন পারশা। ৫ মিনিট দৈর্ঘ্যের সে ছবিতে তার বিপরীতে দেখা গেছে প্রান্ত আবিদকে। খুদে ছবিটি নির্মাণ করেছেন জাহিদ প্রীতম। রাসেল মাহমুদের গল্পে ৫ মিনিট ১৫ সেকেন্ডের শর্টফিল্মে দুই শিল্পীর মুখে কোনো সংলাপ নেই, আছে শুধু ঝুমবৃষ্টির শব্দ আর খুদেবার্তায় আলাপ। শেষ মুহূর্তে গিয়ে একগুচ্ছ কদমের মাধ্যমে কাছাকাছি দুজন। দর্শকের মন ভরিয়েছে ‘একগুচ্ছ কদম’। মুক্তির চার দিনে ইউটিউবে দর্শক সংখ্যা ছুঁয়েছে ১.৮ মিলিয়নের ঘর। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন মুগ্ধতা। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাক অভিনয় প্রসঙ্গে পারশা বলেন, নির্বাক চলচ্চিত্রে অভিনয় অনেক চ্যালেঞ্জিং। এটি একটি ভিন্নধর্মী কাজ। কোনো সংলাপ নেই। আছে শুধু ঝুম বৃষ্টি, প্রাকৃতিক পরিবেশের শব্দ ও খুদে বার্তায় আলাপ। অভিব্যক্তি দিয়ে সবকিছু বোঝাতে হয়েছে।

শেষ মুহূর্তে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের হৃদয় ও অনুভূতির মিলন ফুটে উঠেছে। সারা রাত জেগে শুটিং করতে হয়েছে। কয়েক ঘণ্টা বৃষ্টিতেও ভিজেছি। এতে কষ্টের পরেও যখন দেখেছি ফলটা ভালো পাচ্ছি, তখন সব কষ্ট দূর হয়ে গেছে। নির্মাতা জাহিদ প্রীতম সবকিছু পারফেক্টলি করতে চান। কোনো কিছুতে ছাড় দিতে নারাজ তিনি। কাজটিতে খুব প্রস্তুতি নিতে পারিনি। নির্মাতা কাজটি আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তাই কাজটি চ্যালেঞ্জিং হলেও অনেক সহজভাবে শেষ হয়েছে। গানের পাশাপাশি অভিনয় নিয়ে পারশা জানিয়েছেন, শখ থেকেই অভিনয়ে এসেছি। গান যখন শুরু করেছি, তখনও ভাবিনি অভিনয় করব। টুকটাক টিভিসি, ওভিসি করেছি। আমি যখন ঘুমপরীতে কাজ করেছি, তখনও ভয়ে ছিলাম অভিনয় পারব কি না। নির্মাতা বলেছিলেন, তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসব। তিনি আমাকে সাহস দিয়েছিলেন। এখন দেখি দর্শক আমার কাজ পছন্দ করা শুরু করেছে। এ কারণেই অভিনয় চালিয়ে যাচ্ছি। অভিনয়ে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। সব সময় গান নিয়েই ছিলাম। বলতে পারেন, দেখে দেখেই অভিনয় শিখেছি।