প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ১২:৪২ পিএম
একঝাক তারকা নিয়ে বৈশাখী টিভিতে শুরু হচ্ছে নতুন কমেডি ধারাবাহিক ‘গিট্টু’। আজ মঙ্গলবার থেকে সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এ নতুন ধারাবাহিকটি। সুস্ময় সুমনের রচনা ও রুমান রুনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেনÑ আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনিসহ আরও অনেকেই।
বৈশাখী টিভি প্রযোজিত নাটকটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। চিত্রগ্রহণে রফিকুল ইসলাম, শামসুল ইসলাম লেলিন, সংগীত পরিচালনা করছেন মোহাম্মদ আপেল মাহমুদ এমিল। নাটকের কাহিনী সম্পর্কে বলতে গিয়ে সুস্ময় সুমন বলেন, খন্দকার পরিবার আর মির্জা পরিবার। দুই পরিবারের প্রধান একসময় বন্ধু ছিল। একসঙ্গে ব্যবসা করতে গিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়, যাকে নাটকের ভাষায় বলতে গেলে বলতে হয়, গিট্টু লাগে। সেই গিট্টু আর খোলে না। এখন দুই পরিবারের কেউ কাউকে দেখতে পারে না। গল্পের প্রয়োজনে হাজির হয় একের পর এক চরিত্রÑ যা নানা হাস্যরস আর মজার মজার ঘটনা উপস্থাপন করে।
সুস্ময় সুমন আরও বলেন, আসলে মির্জা এবং খন্দকার পরিবারকে মিলিত করতে চায় মিতা ও রাতুল। তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু পরিবারকে দেখানোর জন্য তারা শত্রু হিসেবে নানা রকম কর্মকাণ্ড করতে থাকে, যা দেখে দর্শক কিছুটা হলেও বিনোদন পাবে বলে আমার বিশ্বাস।