প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫ ১১:২৬ এএম
কঙ্গনা রানাউত ঠোঁটকাটা বলিউড অভিনেত্রী হিসেবে পরিচিত। মাঝে মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছে সমালোচনার খোরাক হন। এবার প্রেম ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কখনও কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপে ঢুঁ মেরেছেন কঙ্গনা রানাউতÑ এমন প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী। যদিও আজকাল সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খোলেন অনেকেই। কিন্তু কঙ্গনার কোনো ভরসা নেই এ ধরনের অ্যাপে। বরং ডেটিং অ্যাপের কথা শুনেই ফুঁসে উঠেন অভিনেত্রী। এমনকি ডেটিং অ্যাপকে নর্দমার সঙ্গেও তুলনা করেন তিনি।
কঙ্গনা বলেন, আমি কখনও ডেটিং অ্যাপে থাকতে চাইনি। এটা হলো সমাজের নর্দমার মতো। এদের প্রত্যেকের জীবনেই কিছু প্রয়োজন রয়েছে। কারও আর্থিক প্রয়োজন, আবার কারও শারীরিক প্রয়োজন।
বর্তমান যুগের সম্পর্ক নিয়েও হতাশ অভিনেত্রী বলেন, আজকের যুগে নারী ও পুরুষ উভয়েরই কিছু না কিছু প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজনগুলো বোঝা যাবে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। সুস্থ ও ভদ্রভাবে সম্পর্ক তৈরি করা উচিত, না কি রোজ রাতে সঙ্গী খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার মতো অসভ্যতা করা উচিত? এই হলো আজকের যুগের সম্পর্কের ধরন, যেটি খুবই ভয়ানক বলে জানান অভিনেত্রী।
অভিনেত্রী বলেন, আমার মতো কাউকে ডেটিং অ্যাপে আপনি খুঁজে পাবেন না। যত রাজ্যের অপদার্থ লোকজনকে খুঁজে পাবেন, যারা জীবনে কিছুই করে উঠতে পারেননি। অফিসে বা কলেজে আপনি খুঁজে পাননি। বাবা-মাও কাউকে খুঁজে দিতে পারেননি। তাই আপনি ডেটিং অ্যাপ ব্যবহার করছেন। নিজের চরিত্র কতটা খারাপ, আপনি নিজেই ভাবুন বলে জানান কঙ্গনা।