বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:২২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:৫০ পিএম
বর্তমান সময়ে সিনেমায় আইটেম সং যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। বলিউডের পাশাপাশি ঢাকাই সিনেমাতেও এর রেশ পড়েছে। এবার আইটেম গানে কোমর দোলাবেন অভিনেত্রী ইয়ামিন হক ববি।
আগামী বছরের ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভর অ্যাকশনধর্মী সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। সম্প্রতি এর এক মিনিট তিন সেকেন্ডের একটি টিজার প্রকাশ পেয়েছে। সেখানে একটি অংশে দেখা যায় ববিকে।
পরে জানা যায়, এই সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গত সোমবার গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘চালাও গুলি’ শিরোনানে গানটির কোরিওগ্রাফি করেছেন মোফাসসেল হোসেন আলিফ, সুর- সংগীত মীর মাসুম।
সিনেমাটির পরিচালক সানী সানোয়ার জানিয়েছেন, ‘গানটি সিনেমার গল্পের পার্টে রাখা হয়েছে। একেবারে ফুল কর্মাসিয়াল ফ্লেভারের গান। দর্শকদের আনন্দ দেয়ার প্রয়াস। চলতি মাসেই ইউটিউবে ববির এই আইটেম গানটি প্রকাশ করা হবে।’
এই প্রথম অন্যের সিনেমার আইটেম গানে নাচলেন ববি। এই প্রসঙ্গে বরির ভাষ্য, ‘দারুণ একটা গান। সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে আইটেম গানটি করা হয়েছে। নিজের সিনেমার আইটেম গানে অংশ নিলেও অন্য সিনেমার গানে তেমনভাবে অংশ নেওয়া হয়নি, পরিচালকের কারণেই কাজটি করেছি।’
কপ ক্রিয়েশন প্রযোজিত সিনেমাটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।
‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ।