বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৬:০২ পিএম
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে থাকে নানা আয়োজন। এবারও বিভিন্ন অনুষ্ঠানমালা দিয়ে সাজানো হয়েছে আয়োজন। এবারের আয়োজন উদ্বোধন করবেন বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার। 'স্পর্ধায় তাড়াব ধেয়ে আসা যত কালো' এমন প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে শুরু হবে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব ২০২২।
কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন হবে। এরপর ১৬ই ডিসেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন মঞ্চে একযোগে অনুষ্ঠানমালা চলবে। এতে থাকছে নাচ, গান, নাটকসহ বিভিন্ন ধরনের অয়োজন।
এ উপলক্ষে আজ (১২ ডিসেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটের নজরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে জানানো হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩-১৬ তারিখের পাশাপাশি প্রতিদিন ঢাকায় ৯টি বিজয় মঞ্চে কর্মসূচি শুরু হবে প্রতিদিন বিকেল ৪ টায়। অনুষ্ঠানে থাকবে নাচ, গান, আবৃত্তি, শিশু সংগঠনের পরিবেশনা ও স্মৃতিচারণ।
এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ১৫ ও ১৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন, ১৭ ডিসেম্বর বেনাপোল ও যশোর এবং ২৩ ডিসেম্বর ঢাকার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করছে। দেড়শতাধিক সংগঠনের প্রায় তিন হাজার শিল্পী অংশগ্রহণ করবেন এই বিজয় উৎসবে। এছাড়া জোটের বিভিন্ন জেলা, উপজেলা কমিটি ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নিজ নিজ উদ্যোগে দেশব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি জানান, প্রতিবছরের মত এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বিজয় দিবসে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনে বরেণ্য নাট্যজন ফেরদৌসী মজুমদারের পাশাপাশি থাকছেন দেশের প্রখ্যাত শিল্পীরা।'
ফেরদৌসী মজুমদার বলেন, 'সাংস্কৃতিক প্রসারে সম্মিলিত সাংস্কৃতিক জোট সবসময় বহুমাত্রীক আয়োজন করে থাকে। এবারের আয়োজনও তারই ধারাবাহিকতা। তাছাড়া বিজয় দিবস আমাদের কাছে সাংস্কৃতিক মুক্তির একটি প্রতীকও বলা যায়। এমন আয়োজন নিৎসন্দেহ ভালো লাগার বিষয়।'