প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ১৩:৪২ পিএম
১৪ আগস্ট বড়পর্দায় ভারতে মুক্তি পেয়েছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছে ‘ধূমকেতু’ সিনেমাটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন। ১৪ আগস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে সবাইকে জানিয়েছেন, প্রথম দিনেই ২ দশমিক ১০ কোটি রুপি আয় করেছে ‘ধূমকেতু’।
শুভশ্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’ বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই সিনেমাটি ১০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে। শুভশ্রী এবং দেব ছাড়াও এই ছবিটি শেয়ার করেছেন দিব্যজ্যোতি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়।
পরিচালক ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলাজুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’
শুধু ১৫ আগস্ট নয়, আগামী ১৬ এবং ১৭ আগস্ট ভারতের স্কুল কলেজ এবং অনেক অফিস ছুটি। পরপর তিনটি দিন ছুটি থাকার কারণে প্রথম সপ্তাহেই ‘ধূমকেতু’র বক্স অফিস কালেকশন হয়তো দ্রুত বাড়বে।