প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫ ১১:৩৩ এএম
সিয়াম আহমেদ ও শাকিব খান
ঢাকার ইতিহাসের এক অনুচ্চারিত, ধূসর অধ্যায় এবার উন্মোচিত হতে যাচ্ছে বড়পর্দায়। নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড, গ্যাংপলিটিক্স, কালো টাকার রাজনীতি এবং শহরের অন্য এক রূপ তুলে ধরতে পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। আর এই দুঃসাহসিক যাত্রায় তার সঙ্গী হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। আগামী বছর রোজার ঈদ সামনে রেখে আবু হায়াত মাহমুদের এই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। আগেই জানা গিয়েছিল ছবিটির নামÑ ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
এবার জানা গেল, নামের সঙ্গে আরেকটি শব্দ যুক্ত হয়েছে, ‘প্রিন্স ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। টিভি নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া আবু হায়াত মাহমুদের এটি হবে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে ছোটপর্দার চেনা গণ্ডি পেরিয়ে বড়পর্দায় এসে যেন একেবারে বাজিমাত করতেই প্রস্তুত তিনি। বাস্তব কাহিনীকে ভিত্তি করে লেখা সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাউদ্দিন সুমন, যিনি নব্বই দশকের ঢাকার অপরাধ জগৎ নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন। গুঞ্জন আছে শাকিব খানের পাশাপাশি সিনেমায় আরও থাকছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম। তবে নায়িকার চরিত্রে কে থাকবেন, তা নিয়ে এখনও জল্পনা। প্রযোজকের ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বিষয়ে শিগগিরই চমকপ্রদ ঘোষণা আসছে। অন্যদিকে রোজার ঈদে ‘বরবাদ’ করে আলোচনায় আসা মেহেদী হাসান হৃদয় নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। অসংখ্য দর্শকপ্রিয় নাটকের এ নির্মাতার অভিষেক হয়েছে সিনেমায়ও। চলতি বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম সিনেমা ‘বরবাদ’। বিগ বাজেট ও ব্যতিক্রম ধাঁচের গল্পে নির্মিত এ সিনেমা দিয়ে শুরুতেই বাজিমাত করে দেন তিনি। গড়তে থাকেন একের পর এক ইতিহাস। নিজেও পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। দর্শক ভালোবাসার কথা মাথায় রেখে আরও একটি নতুন প্রজেক্টে হাত দিয়েছেন তিনি। সিনেমার নাম ‘রাক্ষস’।
বরবাদের মতো এ সিনেমায়ও দেখা যাবে ধুমধাম অ্যাকশন, ক্রাইম ও রোমান্স। সিনেমাটির নির্মাতা আগেই কিছু বলতে চান না। তবে সূত্র জানিয়েছে, এরই মধ্যে শেষ হয়েছে গল্পের কাজ। এ বছরের নভেম্বরে হবে এর শুটিং। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।
নির্মাতা হৃদয়ের এক ঘনিষ্ঠ সূত্র বলেন, বরবাদের থেকেও অধিক বাজেটে নির্মিত হবে ‘রাক্ষস’ সিনেমাটি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন নায়ক সিয়াম আহমেদ। নায়িকা এখনও ঠিক হয়নি। এ মাসের মধ্যেই সিয়ামের বিপরীতে কাকে দেখা যাবে তা নিশ্চিত করা হবে। হৃদয়ের ‘বরবাদ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। গুঞ্জন রয়েছে ছবিটিতে সিয়ামের সঙ্গে অভিনয় করার কথা প্রার্থনা ফারদিন দীঘির। সব ঠিক থাকলে ২০২৬ সালের যে কোনো ঈদে সিনেমাটি বড়পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।