প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১২:৫৫ পিএম
শাকিব খান, জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো
একসময় তারকারা ছিলেন একেবারেই অধরাÑ দর্শক-ভক্তদের কাছে যেন দূরের নক্ষত্র। সেই অদূরত্বই তাদের প্রতি মানুষের কৌতূহল ও আকর্ষণকে বাড়িয়ে রাখত বহুগুণে। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, আর সেই সঙ্গে বদলে গেছে তারকাদের সঙ্গে দর্শকের সম্পর্কের ধরনও। চিঠি বা শুভেচ্ছা কার্ডের যুগ পেরিয়ে এখন সবাই সরাসরি যুক্ত সামাজিক মাধ্যমে। এখানে তারকারা নিজেরাই পৌঁছে যান ভক্তদের কাছে আর ভক্তরা সহজেই পৌঁছে যান তাদের প্রিয় তারকার কাছে।
এখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্সের (টুইটার) স্ক্রলেই জানা যায়, তারকারা শুধু কাজের আপডেটই নয়, বরং শেয়ার করছেন নিজেদের জীবনযাপন, ভাবনা, পছন্দ-অপছন্দ, এমনকি ব্যক্তিগত ছোটখাটো মুহূর্তও। প্রতিদিনই বাড়ছে তাদের ফলোয়ার সংখ্যা আর সেই সংখ্যাটা নিয়ে মানুষের কৌতূহলও কম নয়।
তথ্য ঘেঁটে দেখা গেছে, সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার তালিকায় অভিনেতাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্বÑ যিনি অনলাইনেও ভক্তদের হৃদয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খানকেও অনুসারীর দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছেন ‘বড় ছেলে’। ফেসবুক এবং ইনস্টাগ্রামে তার মোট অনুসারীর সংখ্যা ৮৯ লাখ (ফেসবুকে ৭৯ লাখ, ইনস্টাগ্রামে ১০ লাখ)। এ দুই মাধ্যমে শাকিব খানকে অনুসরণ করে প্রায় ৮০ লাখ দর্শক (ফেসবুকে ৭৪ লাখ, ইনস্টাগ্রামে ৫ লাখ ৯০ হাজারেরও বেশি)। তার পরেই রয়েছে মুশফিক ফারহান, যাকে অনুসরণ করেন ৭৯ লাখ দর্শক (ফেসবুকে ৬৭ লাখ, ইনস্টাগ্রামে ১২ লাখ)। এরপর রয়েছেন সিয়াম আহমেদ, যাকে অনুসরণ করেন ৭৭ লাখ দর্শক (ফেসবুকে ৪৪ লাখ, ইনস্টাগ্রামে ৩৪ লাখেরও বেশি)। এরপর ৭৩ লাখ, ৬৫ লাখ এবং ৬২ লাখ অনুসারী নিয়ে পঞ্চম, ষষ্ঠ ও অবস্থানে রয়েছেন নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব এবং জিয়াউল হক পলাশ। এরপর প্রায় ৫২ লাখ, ৪০ লাখ এবং ২৪ লাখ অনুসারী নিয়ে অষ্টম, নবম এবং দশম অবস্থানে রয়েছেন মোশাররফ করিম, আফরান নিশো এবং অনন্ত জলিল।
অবশ্য ফলোয়ারের বিষয়টি দর্শক-শ্রোতার সঙ্গে সেতুবন্ধ হিসেবেই দেখেন বলে মনে করেন তারকারা। উল্লেখ্য, অনুসারীর দিক দিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১ কোটি ৩৩ লাখ (ফেসবুকে ৯৮ লাখ, ইনস্টাগ্রামে ৩৫ লাখেরও বেশি) অনুসারী নিয়ে শীর্ষে আছেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যেহেতু তিনি এখন অভিনয়ে অনিয়মিত, তাই তাকে এই তালিকাভুক্ত করা হয়নি।