× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ তারেক মাসুদ-মিশুক মনিরের ১৪তম মৃত্যুবার্ষিকী

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১৩:১৪ পিএম

আজ তারেক মাসুদ-মিশুক মনিরের ১৪তম মৃত্যুবার্ষিকী

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের আজকের দিনে মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন দেখতে সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জে গিয়েছিলেন নির্মাতা-চিত্রগ্রাহক জুটি।

ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন সবাই। তারেক মাসুদের হাত ধরে এ দেশের সিনেমা দেশে বিদেশে পেয়েছে সম্মান ও মর্যাদা। তিনি ছিলেন সিনেমার ফেরিওয়ালা। সিনেমা দিয়ে মানুষের মধ্যে আলো ছড়ানোর দায়িত্ব পালন করেছেন আমৃত্যু। তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘নরসুন্দর’ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’, ‘অন্তর্যাত্রা’, ‘রানওয়ে’ বাংলা ছবির ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে। আর ক্যামেরা ‘ডিরেক্টর’ হিসেবে কাজ করে যেসব বাংলাদেশি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন, তাদের মধ্যে আশফাক মিশুক মুনীর ছিলেন অন্যতম। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে আশফাক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসির ভিডিও গ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। এছাড়া তিনি সংবাদ ভিত্তিক টেলিভিশন এটিএন নিউজের নির্বাহী পরিচালক ছিলাম। সবার কাছে মিশুক মুনীর নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। তারেক মাসুদের সিনেমা ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন তিনি।

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে ‘চলচ্চিত্র পথ’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চিত্রগ্রাহকদের সংগঠন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টও যুক্ত আছে এ আয়োজনে। আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর তেজগাঁওয়ের বীর উত্তম মীর শওকত সড়কে অবস্থিত গ্রাউন্ড জিরোতে হবে এই অনুষ্ঠান। চলচ্চিত্র পথ অনুষ্ঠানে তারেক মাসুদ ও মিশুক মুনীরের জীবন, দর্শন, সৃজনশীল কোলাবরেশন ও চলচ্চিত্রে তাঁদের অবদানের বিষয়গুলো আলোচনা করবেন অতিথিরা। তাঁদের নিয়ে স্মৃতিচারণা করবেন নির্মাতা প্রসূন রহমান, নাহিদ মাসুদ ও আসিফ মুনীর। দর্শকদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তাঁরা।

তারেক মাসুদ ও মিশুক মুনীরকে নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের কাজও দেখানো হবে। প্রদর্শিত হবে তারেক মাসুদের প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন মিশুক মুনীর। এ ছাড়া তারেক মাসুদকে নিয়ে নির্মিত প্রসূন রহমানের ‘ফেরা’ সিনেমাটিও দেখানো হবে এ অনুষ্ঠানে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা