প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ১০:৪৯ এএম
সিয়াম আহমেদ
ভৌতিক গল্পের প্রতি দীর্ঘদিনের আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখে ফেলেছেন অসংখ্য হরর সিনেমা, আবার কখনও কখনও ভৌতিক কাহিনির খোঁজে ঘুরে বেড়িয়েছেন দেশের নানা প্রান্তে। সেই সব অভিজ্ঞতা থেকেই আরেক বন্ধু জিবরানকে সঙ্গে নিয়ে তারা বানিয়েছিলেন রেডিও শো ‘ভৌতিস্ট’। এবার সেই রেডিও অভিজ্ঞতা পেরিয়ে শাকিব ও সুমনের গল্প থেকে তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ ভৌতিক চলচ্চিত্র ‘আন্ধার’। ছবিটি পরিচালনা করবেন রায়হান রাফী।
এই প্রজেক্টের মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান, যেখানে গুরুত্বপূর্ণ ২০ শতাংশ অবদান রয়েছে সুমনের। চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন শাকিব ও আদনান। শাকিব জানালেন, ‘ভৌতিস্ট অনুষ্ঠান করার সময়ই এই গল্পের জন্ম। আমরা নিজেরা অদ্ভুত, অতিপ্রাকৃত আর রহস্যময় কাহিনীতে ভীষণ আগ্রহী। তখনই ঠিক হয়েছিল একদিন এটি সিনেমায় রূপ দেব। তবে সুমন ভাই অসুস্থ হয়ে পড়ায় কাজ থেমে গিয়েছিল। এখন আবার নতুন উদ্যমে শুরু করেছি।’
‘আন্ধার’ নির্মিত হবে পুরোপুরি বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু মেকিং হবে আন্তর্জাতিক মানের। পশ্চিমা হরর সিনেমার মতো শুধু ভয় নয়Ñ এখানে থাকবে আবেগ, রহস্য, থ্রিল, হত্যা এবং গভীর মানবিক সম্পর্কের ছোঁয়া। চরিত্রগুলো হবে একেবারেই আমাদের চারপাশের মানুষের মতো। শাকিবের ভাষায়, ‘বাংলাদেশে এখন এমন কাজ করার পরিবেশ এসেছে, যা পাঁচ-ছয় বছর আগে কল্পনাও করা যেত না। এই পরিবর্তনই আমাদের সাহস জুগিয়েছে। আন্ধার হবে সাহসী একটি প্রজেক্টÑ এই জনরায় আমাদের দেশে আগে কিছু হয়নি।’
২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিতব্য এই ছবির প্রযোজনায় আছেন শাকিব, আদনান এবং সারাহ আলী। প্রায় ছয় মাস আলোচনা চলার পর সিনেমাটিতে প্রথমে যুক্ত হয়েছিলেন আফরান নিশো। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান। তার জায়গায় এখন চূড়ান্ত হয়েছেন সিয়াম আহমেদ। এ ছাড়া ছবিতে চঞ্চল চৌধুরীরও থাকার কথা রয়েছে। সেপ্টেম্বরে শুরু হবে শুটিং, আর মুক্তির সম্ভাবনা দুই ঈদের মাঝামাঝি সময়ে। এদিকে সিয়ামের হাতে আছে আরও একটি নতুন প্রজেক্টÑ আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত তার আরেক সিনেমা। এই হৃদয়ই এ বছরের ব্যবসাসফল ছবি ‘বরবাদ’-এর পরিচালক। সেই সিনেমার পরবর্তী প্রজেক্টটি প্রথমে শাকিব খানের জন্য পরিকল্পিত হলেও, তিনি ফিরিয়ে দেন। শেষমেশ সেই ছবিতেই অভিনয় করবেন সিয়াম।