প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ১২:৩১ পিএম
হাবিব ওয়াহিদ
গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ তার শ্রোতাদের জন্য নতুন নতুন গান বাঁধতে খুব একটা সময় নেন না। অল্প কিছুদিন বিরতি দিয়ে ‘জানি না’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেছেন হাবিব। গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
পাশাপাশি ডিজিটাল প্লাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ সব আন্তর্জাতিক স্ট্রিমিং অ্যাপেও এসেছে ‘জানি না’। ‘জানি না, যে চলে যায় সে কী ফেরে হায়, এই হৃদয় কেন তবুও তারেই খুঁজে যায়’Ñ গানের কথাগুলো লিখেছেন শ্রাবণ। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। জুলাই মাসেই প্রচার হয়েছে হাবিবের ‘দিলা না’ শিরোনামের একটি গান। জুন মাসে ‘হৃদয়ের কথা’ নামের নাটকে হাবিবের ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটিও বেশ সাড়া তোলে। এর আগে হাবিব বলেছিলেন, যেহেতু গরমের সময়ে কনসার্ট থাকে না, তাই এই সময়ে তিনি তার ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করার চেষ্টা করেন। এ ছাড়া বিজ্ঞাপনের সংগীতায়োজনও করে থাকেন তিনি। ‘এভাবেই টুকটাক কাজ করে সময় কেটে যায়। আমি তো খুব বেশি প্রেশার নিয়ে কাজ করতে পছন্দ করি না।’