প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ১২:২৯ পিএম
নাজিয়া হক অর্ষা
তারকা অভিনেত্রী নাজিয়া হক অর্ষা তার অভিনয় জীবনে বিভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন। এবার তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন রূপে- ‘খুশবু’ নামের ধারাবাহিকে গার্মেন্ট কর্মীর চরিত্রে। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে এর শুটিং।
দীপ্ত টিভির জন্য এটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। অর্ষা জানালেন, ‘গল্পটি দারুণ, এর মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ বার্তা। সুমনের সঙ্গে আগে বহু কাজ করেছি। তিনি সব সময়ই পরিপাটি ইউনিট নিয়ে কাজ করেন। সাধারণ ধারাবাহিকের মতো এক দিনে অগণিত দৃশ্য ধারণের চাপ এখানে ছিল না; বরং সেট বানিয়ে পরিকল্পিতভাবে শুটিং হয়েছে।’ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে তিন তরুণীর জীবনকে ঘিরে। অর্ষা অভিনয় করছেন ‘সেতু’ নামের এক ফ্লোর কোয়ালিটি ইনচার্জের ভূমিকায়। তার ভাষ্যে, ‘এটি খুব পরিচিত একটি চরিত্র। অভিনয়ের মাধ্যমে গার্মেন্ট কর্মীদের বাস্তব জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। বিশ্বাস করি, দর্শকদের কাছে গল্পটি হৃদয়ছোঁয়া হবে।’
অর্ষার সঙ্গে আরও রয়েছেন আশরাফুল আশীষসহ বেশ কয়েকজন শিল্পী। নাটক, চলচ্চিত্র ও ওটিটিÑ তিন মাধ্যমে সমানতালে কাজ করলেও ওটিটির কাজ তাকে আলাদাভাবে টানে। তার মতে, ‘ওয়েব ফিল্ম বা চলচ্চিত্রে চরিত্রের গভীরে ডুবে থাকার সুযোগ বেশি থাকে। এগুলো অনেক পরিকল্পনা ও চিন্তাভাবনার মাধ্যমে হয়, তাই অভিনয়ের পরিসরও বড় হয়।’