প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১০:৪৯ এএম
ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা।
জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিনের নতুন নাটক আসছে। ইয়াশ রোহান এবং নাজনীন নাহার নীহাকে নিয়ে তিনি নির্মাণ করেছেন ‘উইশ কার্ড’। ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটি লিখেছেন নির্মাতা নিজেই।
জাকারিয়া সৌখিন জানান, ‘উইশ কার্ড’ পরিপূর্ণ রোমান্টিক কমেডি ঘরানার নাটক। গল্পের ধারণা দিতে গিয়ে তিনি জানান, হৃদির (নীহা) বাবা বন কর্মকর্তা। এলাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। নতুন কলেজে গিয়ে প্রথম দিনই পরিচয় হয় ক্যাম্পাসের সবচাইতে দুষ্টু ছেলে সাদের (ইয়াশ) সঙ্গে। সাদ যতটা দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি। তাই সাদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায়। কিন্তু তার প্রেমের ইশারা পেয়েই সাড়া দেয় না হৃদি। বরং সে এক অদ্ভুত ঘটনা ঘটায়। সাদকে চ্যালেঞ্জ দিয়ে বলে, তাকে পেতে হলে অনেক উইশ পূরণ করতে হবে। যদি উইশগুলো পূরণ করতে পারে, তবেই হৃদি রাজি হবে। সাদ চ্যালেঞ্জে রাজি হয়। কিন্তু কী সেই উইশগুলো? জানতে হলে অপেক্ষা করতে হবে নাটক মুক্তি পর্যন্ত।
‘উইশ কার্ড’ নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘দারুণ এনার্জেটিক একটা নাটক হবে এটি। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য এত ধরে ধরে নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন, কী আর বলব, দর্শক খুব পছন্দ করবে আশা করি।
নাজনীন নীহা বলেন, সৌখিন ভাইয়ার সঙ্গে আমার এটি চতুর্থ নাটক। এর আগে আমাদের মনদুয়ারী, মেঘবালিকা, লাভ রেইন দর্শক খুব পছন্দ করেছিল। আশা করি এবারও দর্শক আমাদের নাটক পছন্দ করবে। কারণ পছন্দ করার মতো যথেষ্ট এলিমেন্ট আছে নাটকে। ‘উইশ কার্ড’ নাটকে গান রয়েছে একটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন সাজিদ সরকার। ১৪ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।