মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১০:২৮ এএম
নিরব হোসাইন
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’, যেটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। আগামী ১৬ ডিসেম্বর সিনেমাটির শুটিং হবে বলে জানান নির্মাতা।
কামরুল হাসান ফুয়াদ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমা। এতে নাম ভূমিকায় দেখা যাবে নিরবকে। একজন সাহসী পুলিশ অফিসারের চরিত্রে পর্দায় উঠে আসবেন তিনি। এ সিনেমা নিয়ে কয়েক মাস হলো নিবরের সঙ্গে কথা হচ্ছে। আমরা অনেকটা এগিয়েছি। চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল, কিন্তু নিরবের অন্য দুই সিনেমার কারণে শুটিং শুরু করতে পারলাম না। ডিসেম্বরের মাঝে আমরা শুটিংয়ে যাব।’ সিনেমাটির নামের বিষয়ে নির্মাতা বলেন, ‘একজন সৎ পুলিশ অফিসারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আমাদের এই সিনেমা। এখানে উঠে আসবে সেই পুলিশ অফিসারের সঙ্গে দেশের নানা বিষয়। তাই “দেশ” নামটি উপযুক্ত মনে করেছি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৫ আগস্টেই ছবিটি মুক্তি পেতে পারে।’ সিনেমাটি নিয়ে নিরব বলেন, ‘ছবির গল্পটা যেহেতু দেশ নিয়ে, দেশের মানুষদের নিয়ে, তাই ছবিটির ঘোষণা দেওয়ার জন্য গণঅভ্যুত্থান দিবস ছাড়া উপযুক্ত সময় হতেই পারে না।’ নায়ক বলেন, ‘এখানে আমার চরিত্রের নামও দেশ। নিজের নাম যখন দেশ হয়, তখন ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে “দেশ”-এর শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ওই দিন ছবিটির ফার্স্ট লুক উন্মোচন করারও চিন্তা রয়েছে।’ কেএইচএফের ব্যানারে নির্মিত দেশ সিনেমায় যুক্ত হয়েছেন আরও দুই নির্মাতা। অনিক বিশ্বাস কাজ করবেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, নির্মাতা সৈকত নাসির কাজ করবেন প্রজেক্ট অ্যাডভাইজার হিসেবে। সংগীত পরিচালনা করবেন আরফিন রুমি ও ইমরান মাহমুদুল।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নিরবের আরও একটি সিনেমা ‘শিরোনাম’। আবার সেপ্টেম্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে জুটি হয়ে তিনি শুরু করতে যাচ্ছেন ‘গোলাপ’ সিনেমার কাজ, যেটি পরিচালনা করেছেন সামছুল হুদা। পলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নির্মিত হবে। গোলাপে নিরব নাম ভূমিকায় অভিনয় করছেন। ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর তিনি জানিয়েছিলেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!