× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মমতার দুয়ারে প্রসেনজিৎরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১০:২৫ এএম

বাঁ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ে ও দেব। ছবি : সংগৃহীত

বাঁ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ে ও দেব। ছবি : সংগৃহীত

হিন্দি সিনেমার একচেটিয়া দাপটে কোণঠাসা হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। প্রতিবারই যখন বড় বাজেটের বলিউড ছবি মুক্তি পায়, রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে বাংলা সিনেমার জন্য জায়গা সংকুচিত হয়ে পড়ে। এমন পরিস্থিতি রুখতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন টলিউডের প্রথম সারির তারকারা। ‘ধূমকেতু’ ছবির মুক্তির প্রাক্কালে এই প্রতিবাদ যেন রূপ নিয়েছে এক সাংস্কৃতিক আন্দোলনে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে স্বাক্ষর করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে-সহ ইন্ডাস্ট্রির বিশিষ্ট নির্মাতা ও প্রযোজকেরা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এটা শুধু সিনেমার ব্যবসায়িক প্রতিযোগিতা নয়, এটা বাংলা ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের লড়াই। মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাবের মতো রাজ্যগুলোতে আঞ্চলিক সিনেমা যথাযথ মর্যাদা পায়, তাহলে পশ্চিমবঙ্গে তা হবে না কেন?

মূলত ১৪ আগস্ট মুক্তি পেতে চলা দেব-শুভশ্রী অভিনীত কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র সঙ্গে বলিউডের ‘ওয়ার ২’-এর মুক্তি ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। ‘ওয়ার ২’-এর পরিবেশকরা রাজ্যের হল মালিকদের কাছে শর্ত দিয়েছেন, একটিও শো বাংলা ছবির সঙ্গে ভাগ করা যাবে না, চারটি শো-ই দিতে হবে হিন্দি সিনেমাকে। এর ফলে বাংলা ছবি ‘ধূমকেতু’ প্রাইম টাইম শো না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই অন্যায্য চাপে ক্ষতিগ্রস্ত হতে চলেছে বাংলা সিনেমা, যা ভবিষ্যতের জন্য অশনিসঙ্কেত। দেব-প্রসেনজিৎ-সৃজিতরা তাই দাবি তুলেছেন, সারা বছর পশ্চিমবঙ্গের প্রতিটি হলে বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়া হোক বাধ্যতামূলকভাবে। বাংলা চলচ্চিত্র যেন ফের তার সম্মান ও গৌরব ফিরে পায়, এই দায়ভার তারা দিয়েছেন মুখ্যমন্ত্রীর হাতে।

চিঠির প্রেক্ষিতে রাজ্য সরকারও নড়েচড়ে বসেছে। জানা গেছে, ৭ আগস্ট নন্দনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে এই সংকট নিরসনের পথ খোঁজা হবে।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা নতুন কোনো দাবি নয়। দীর্ঘদিন ধরেই আমরা বাংলা ছবির প্রতি ন্যায্যতা চাইছি। বড় হিন্দি ছবি এলেই আমাদের সিনেমাগুলো হল হারায়, শো হারায়। সেই বৈষম্য ঘোচাতেই এবার লিখিতভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা