প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১২:২৩ পিএম
চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা
খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা। এখন তিনি প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় হাসপাতালের চিকিৎসার বিষয় নিয়েও তিনি লিখছেন।
গতকাল রবিবার নিজের ফেসবুক ওয়ালে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন, কিছু হাসপাতালের মালিকদের জন্যই ডাক্তাররা সেবাকে বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে ওঠেন। পোস্টে সোহেল রানা লিখেছেন, ‘কিছু হাসপাতালের মালিক আছেন যারা ডাক্তারদের টার্গেট দিয়ে দেন। সেই টার্গেটে ব্যবসা হলে তার সম্মান এবং সম্মানী বাড়ে। তাই অনেক ডাক্তারদের ইচ্ছের বাইরেও অনেক টেস্ট দিতে হয়। ইন্টারনি করার পরেই অনেক ডাক্তারকে হাসপাতালে চাকরি দেওয়া হয় টাকা কম দিতে হবে বলে। কত বছর কার সঙ্গে প্র্যাকটিস করেছে তার কোনো নিয়ম নেই।’
এই অভিনেতা লেখেন, ‘যারা বড় ডাক্তার তাদের অনেকেই স্বপ্নের জীবনের জন্য বিদেশের পথে পাড়ি জমান। কিন্তু ডাক্তার বানানোর জন্য যে টাকা পয়সা সরকার খরচ করেন তাদের পেছনে সেটা জনগণের টাকা। তাই জনগণের প্রতি তাদের দায়িত্ব আছে। যদি যেতেই হয়, তাহলে সেই টাকার একটা ব্যবস্থা করা দরকার। একটা বিশেষ সময় পর্যন্ত তারা বিদেশে চাকরি করতে পারবেন। তারপর দেশে এসে জনগণের সেবা করতে হবে।’
সবশেষে সোহেল রানা লেখেন, ‘কিছু মালিক এবং নামকরা ডাক্তার তারা দেশের মানুষের সেবা করার জন্য দেশেই থেকে যান তাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম।’