বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৫:১৪ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৬:০৯ পিএম
ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভর নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। নির্মাতা অনম বিশ্বাসের সিনেমা ‘ফুটবল ৭১’-এ জুটি বাঁধতে চলেছেন তারা। আর এর মাধ্যমে দেবী সিনেমার পর আবারও পরিচালনায় দেখা যাবে অনম বিশ্বাসকে।
ছবিটিতে নায়ক হিসেবে ঢাকাই ছবির তারকা অভিনেতা আরিফিন শুভ অভিনয় করছেন সে খবর জানানো হয়েছে শুক্রবার। এবার জানা গেল ছবিটিতে শুভর বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন নুসরাত ফারিয়া। নায়িকা নিজেই প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিষয়টি।
নুসরাত ফারিয়া বললেন, “ ‘ফুটবল ৭১’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ৭১-এর ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। ইতিহাস ও তথ্যনির্ভর একটি কাজ। আশা কারি অনমদার সঙ্গে আমার এ জার্নি দারুণ কিছু হবে। আর আরিফিন শুভর সাথে কাজ সবসময় আমি উপভোগ করি। এর আগে তার সাঙ্গে জুটি বেঁধে অভিনীত সিনেমা প্রশংসিত হয়েছে।”
এর আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়ে শুভ জানিয়েছিলেন, ‘আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।’
২০১৯-২০ অর্থবছরে পাওয়া সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ছবিটি। ছবিটির প্রেক্ষাপট যেহেতু ১৯৭১ সাল, তাই এটির চিত্রনাট্য নিয়ে বিস্তর গবেষণা করতে হয়েছে পরিচালককে। প্রায় দেড় বছর গবেষণা করে পরিচালক এর চিত্রনাট্য করেছেন বলে জানিয়েছেন।
অনম বিশ্বাস বলেন, ‘ফুটবল ৭১’ নিয়ে প্রায় দেড় বছর ধরে গবেষণা করে চিত্রনাট্যটা কমপ্লিট করেছি। সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এই ফুটবল দলের হাত ধরে উড়েছিল। সেই আবেগের চিত্রায়ণও হবে। এই কাজের সঙ্গে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া যুক্ত হয়েছেন।'
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে সিনেমাটির শুট শুরু হবে। এটির আনুষ্ঠানিক ঘোষণা আর অন্য চরিত্রে কারা অভিনয় করছেন তা দ্রুতই জানানো হবে।