প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১২:৫৭ পিএম
ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা
বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই শক্তিশালী কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা আবারও এক হলেন নতুন এক সিনেমার গানে। বহু জনপ্রিয় গানের এই সফল জুটি এবার কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘আবার হঠাৎ বৃষ্টি’-এর একটি আবেগঘন গানে, যার শিরোনাম ‘একটি গল্প অল্প অল্প’।
গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, আর সুর ও সংগীতায়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। ঢাকার মগবাজারে ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে রেকর্ডিং শেষে এর দৃশ্যধারণ হয়েছে রাঙামাটির মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যে। গানের নৃত্য পরিচালনায় ছিলেন অভিজ্ঞ কোরিওগ্রাফার জাকির হোসেন। সিনেমাটি প্রযোজনা করছে দেশের দুই শক্তিশালী প্রযোজনা প্রতিষ্ঠানÑ ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র।
গানটি নিয়ে শুরু থেকেই বিশেষ পরিকল্পনা ছিল নির্মাতার। সেই ভাবনার বাস্তব রূপ পেয়েছে ইমরান ও কনার সুরেলা কণ্ঠে। ইমরান জানালেন, ‘আমার আগ্রহ সব সময় গল্পনির্ভর গানকে ঘিরে। ‘একটি গল্প অল্প অল্প’ সেই রকমই একটি গানÑ কবিতার মতো বুনন, আবেগের গভীরতা আর ইমনের সংগীতায়োজনে এক দুর্দান্ত আবহ তৈরি হয়েছে। কনার সঙ্গে গাইলে আলাদা এক মেলডি তৈরি হয়, সেটা এই গানেও হয়েছে বলে মনে করি।’
কনাও গানটির প্রতি তার আবেগের কথা গোপন রাখেননি। তিনি বলেন, ‘গানটি গাওয়ার সময় আমার মনে হচ্ছিল, যেন আমি একটা সিনেমার অংশ হয়ে গেছি। কথা, সুর, সংগীতÑ সব মিলিয়ে এমন এক অনুভূতি তৈরি হয়েছিল, যা কণ্ঠে আনার চেষ্টা করেছি। গানটির মধ্যে একধরনের মায়া আছে, যা শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে।’
পরিচালক কামরুজ্জামান এই গানকে নিয়েই সিনেমার আবেগ গড়ে তুলতে চেয়েছেন। তার ভাষ্য, ‘আবার হঠাৎ বৃষ্টি- শুধু সিনেমা নয়, এর গান দিয়েও আমরা দর্শকের মনে জায়গা করে নিতে চাই। ইমন সাহার সুর ও ইমরান-কনার কণ্ঠ দর্শকদের এক বিশেষ অভিজ্ঞতা দেবেÑ এটা আমার বিশ্বাস।