প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ১০:৩২ এএম
মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ আসছে পর্দায়। সেই সিনেমায় কুসুম, শশী ও কুমুদের জীবন কেমন হতে চলেছে তার আভাস দিতে প্রকাশ্যে এসেছে ট্রেইলার।
কলকাতায় মুক্তি পেতে চলা সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুমন মুখোপাধ্যায়। সম্পর্কের টানাপড়েন, সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা আবেগ, অনুভূতি তুলে ধরা হয়েছে ঝলকে। পরিচালক কলকাতা সংবাদ মাধ্যমকে বলেছেন, জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষের জীবনের কাহিনী বলবে পুতুলনাচের ইতিকথা। পরিচালকের দাবি, ১৫ বছর পরে মুক্তি পেলেও ছবি এবং ছবির গল্প সমসাময়িক। সেই সময়ের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট আর এখনকার সময়ের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পাচ্ছেন না তিনি। ঠিক যেমন পর্দার ‘কুসুম’ আর বাস্তবের জয়া আহসানের মধ্যে তেমন ফারাক নেই! সেই উপলব্ধি থেকেই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে ঔপন্যাসিকের বিখ্যাত সংলাপ, ‘শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?’-এর ভিন্ন ব্যাখ্যা দিলেন নায়িকা। ‘কুসুম’ যদি শরীরকে এগিয়ে রাখে, জয়া কাকে প্রাধান্য দেন, মনকে? প্রশ্ন ছিল দুই বাংলার নায়িকার কাছে। স্মিত হাসি হেসে তার জবাব, ‘মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার জীবনে মন এবং শরীরÑ উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ।’ একটু থেমে যোগ করলেন, ‘আমার বিশ্বাস কুসুমেরও তাই।’
শশী ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়া’ ও ‘বিসর্জন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন জয়া ও আবীর। অন্যান্য চরিত্রে রয়েছেনÑ ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ আরও কয়েকজন।
আগামী ১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। কুসুম চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে ও কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।