প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ১২:১০ পিএম
একটি প্রতারক চক্র ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শাবনূর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করিয়েছে। বিষয়টি শুক্রবার (২৫ জুলাই) সকালে শাবনূরের নজরে আসে। শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন শাবনূরকে সেই ফেসবুক পেজ সম্পর্কে অবহিত করলে তিনি নিশ্চিত হন ফেরিফায়েড শাবনূর আসল নয়।
কিন্তু সেই নকল ভেরিফায়েড ফেসবুকে যেসব তথ্য দেওয়া আছে, তা আসল শাবনূরের। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন একসময়ের দর্শকপ্রিয় নায়িকা শাবনূর। তিনি গণমাধ্যমকে জানালেন, একটি প্রতারক চক্র এর সঙ্গে জড়িত রয়েছে। এ বিষয়ে আগে তিনি কিছুই জানতেন না। শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখান থেকে তিনি গণমাধ্যমকে বললেন, ‘আমি ফেসবুক ব্যবহার করতাম না। তখন আমার নামে অনেকে ফেসবুক আইডি বানিয়েছিল, তা নিয়ে কিছু বলিনি। পরে আমি নিজে ফেসবুক ব্যবহারের পর সবাই জানতে পেরেছেন, কে আসল কে নকল। এরপর অনেকে আমাকে বলেছিল, আমি যেন ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করে রাখি, তাহলে সবাই নিশ্চিত হতে পারবেন কে আসল শাবনূর, কে নকল। কারণ, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। এতে প্রতারক চক্ররা খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু আমি নিজে ফেসবুক পেজ বা আইডি ভেরিফায়েড করার বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব দেইনি।’
শাবনূর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এখন মনে হচ্ছে, ভেরিফায়েড করে নিলেই ভালো হতো। যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও, যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তো-বা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। নইলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।’
এখন কী করবেন এমনটা জানতে চাইলে শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগকেও জানাবেন। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে।’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শাবনূর অনুরোধ জানিয়ে বলেন, ‘এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন।’ নকল শাবনূর সেজে যে পেজটি ভেরিফায়েড করা হয়েছে। এতে ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি বলে জানিয়েছেন শাবনূর। এ নায়িকা আরও জানান, তার আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। এরপর ভেরিফায়েডও করা হয়েছে।
শাবনূরের অ্যাডমিন জানিয়েছে, পেজটি থেকে শাবনূরের আইডি ও পেজ ব্লক করা, যাতে তারা তার কোনো অ্যাকটিভিটি খেয়াল করতে না পারে। এখন শাবনূরের সবচেয়ে বেশি চিন্তার কারণ হচ্ছে, পেজটি যেহেতু ভেরিফায়েড, ফলে সবাই মনে করবে এটি তারই। ভেরিফায়েড পেজটি থেকে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার দায় বর্তাবে শাবনূরের ওপরÑ এমনটা উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনোকিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।’