× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গান ফিরছে অ্যালবামে

নতুন ছকে পুরনো সুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ১২:০৩ পিএম

নতুন ছকে পুরনো সুর

সময় বদলায়, তার সঙ্গে বদলায় সাংস্কৃতিক ধারা ও আয়োজনের রূপ। এক সময় একক গানের জোয়ার থামিয়ে দিয়েছিল অ্যালবামের ধারাবাহিকতা। গান হয়ে উঠেছিল মুহূর্তের বিনোদন। কিন্তু সংগীতপ্রেমীরা জানেন- গানের আসল আবেদন টিকে থাকে দীর্ঘস্থায়ী অভিজ্ঞতায়, যা পূর্ণতা পায় একটি অ্যালবামের পরতে পরতে। তাই সময়ের চাহিদা মিটিয়ে নতুন করে আবারও ফিরছে অ্যালবাম- গভীরতা, ভাবনা ও শৈল্পিক গড়নের প্রতীক হয়ে।

এই নবযাত্রায় অগ্রণী ভূমিকায় রয়েছে দেশের ব্যান্ডসংগীত। আর্টসেল ব্যান্ডের ‘অতৃতীয়’, অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি’, এবং দলছুটের ‘সঞ্জীব’ অ্যালবাম শুধু সংগীতপ্রেমীদের হৃদয়ে ঝড় তোলে না, বরং অ্যালবাম সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতেও অনুপ্রেরণা দেয়। এরপর এসেছে একের পর এক আয়োজন- চিরকুটের ‘ভালোবাসা সমগ্র’, অবসকিওরের ‘রিইনকারনেশন’, এলিটা করিমের ‘চিনি দেড় চামচ’ এবং বাপ্পা মজুমদারের ‘ভার্টিকাল হরাইজন’, যা এ ধারাকে আরও বেগবান করেছে।

শুধু ব্যান্ড নয়, একক শিল্পীরাও পেছনে নেই। অ্যালবাম প্রকাশের বদলে ধারাবাহিক গান প্রকাশের মধ্য দিয়েও তারা গড়ে তুলছেন পূর্ণাঙ্গ সংগীতযাত্রা। শিরোনামহীনের ‘বাতিঘর’, সাবকনশাসের ‘রূপকথার কাব্য’, মেঘদলের ‘অ্যালুমিনিয়ামের ডানা’, ইনডালোর ‘উত্তর খুঁজি দক্ষিণে’, বে অব বেঙ্গলের ‘দ্বিতীয়’, হাইওয়ের ‘যাচ্ছি কোথায়’, এবং প্রয়াত আইয়ুব বাচ্চুর অসমাপ্ত অ্যালবাম ‘মুহূর্তের মুহূর্তগুলো’- প্রমাণ করে দিচ্ছে, অ্যালবামের আবেদন এখনও অমলিন।

এদিকে সংগীতায়োজনে নতুন মাত্রা যোগ করেছেন অবসকিওর ব্যান্ড ও কলকাতার দূর্বাদল বিশ্বাস। তাদের যৌথ সংকলনের দুটি গান ইতোমধ্যেই আলোচনায়। বিরতি ভেঙে শিল্পী আলিফ আলাউদ্দিন প্রস্তুত করছেন তার প্রথম একক অ্যালবাম, যেখানে থাকছে তার বাবা, কিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর গানের রিমেক ও নতুন সৃষ্টিও। সুরকার ও কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার ঘোষণা দিয়েছেন তার পঞ্চম একক অ্যালবাম আসছে শিগগিরই।

এখন আর শুধু ডিজিটাল প্লাটফর্মেই সীমাবদ্ধ নয় অ্যালবাম আয়োজন। গানপ্রেমীদের স্মৃতির খোরাক দিতে প্রকাশিত হচ্ছে ক্যাসেট, সিডি, বুকলেট ও অন্যান্য সুভ্যেনির। আর্টসেল ‘অতৃতীয়’ এবং দলছুট ‘সঞ্জীব’ অ্যালবামের বই আকারে প্রকাশ ইতোমধ্যে অনুরাগীদের উন্মাদনায় পরিণত হয়েছে। শিরোনামহীন ব্যান্ডের বই-অ্যালবাম ‘দ্য অনলি হেডলাইনার’-এর পথেই হাঁটছে অনেকেই।

ভাইকিংস ব্যান্ড তাদের জনপ্রিয় গানগুলো নিয়ে দুটি ক্যাসেট অ্যালবামের পরিকল্পনায় এগোচ্ছে। ব্ল্যাক ব্যান্ড তাদের ২৫ বছর পূর্তিতে আনছে একটি বিশেষ স্মারক অ্যালবাম। আর দেশের সবচেয়ে পুরনো ব্যান্ড সোলস তাদের ৫০ বছরের সংগীতযাত্রার সম্মানে আনতে চায় ‘সোলস গোল্ড’ শিরোনামে এক সুবর্ণ সংকলন।

এ নিয়ে শিল্পী বাপ্পা মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘একটি অ্যালবাম কতকগুলো গানের একত্রে অবস্থান ভিন্ন ভাবনা, ভিন্ন চিন্তা, ভিন্ন আইডিয়া; অথচ সবগুলো গান এক হয়ে এক অনন্য চরিত্র হয়ে ওঠাÑ এটাই একটা অ্যালবামের মূল বৈশিষ্ট্য, যা আমাদের দেশে আজ নেই বললেই চলে। অথচ সারা পৃথিবী যখন আবার অ্যালবামে ফিরে যাওয়ার চেষ্টায়, সেখানে আমরা ছুটছি পেছনে, আরও পেছনে... ছুটে চলছি ফ্রি আর সস্তার পেছনে! গানগুলো সেই অর্থে শ্রোতার সঙ্গে সেই আত্মার সম্পর্ক করে উঠতে পারছে না।

সেই স্পর্শ ব্যাপারটাই তো নেই যে, হাতে করে অ্যালবাম কাভার নেড়েচেড়ে দেখার সেই রোমাঞ্চ হয়তো এই ব্যস্ত আর জটিল জীবনযাত্রায় বড়ই অপাঙ্‌ক্তেয় কালক্ষেপণ মাত্র কারোর মতে! ডিজিটাল জগতে স্পর্শের কোনো স্থান নেই, নেই কোনো বস্তুগত উপস্থিতি! স্পর্শ এখানে অর্থহীন! কিন্তু ভুলে গেলে হবে না, স্পর্শ আমাদের মনস্তাত্ত্বিক জগতে এক অবিচ্ছেদ্য অনুভূতি! স্পর্শ ছাড়া আমরাই অসম্পূর্ণ হয়তো।’

অতএব, এটা শুধু সংগীতের পুনরুত্থান নয়- এ এক নস্টালজিয়ার নবজন্ম। সময়ের চৌকাঠ পেরিয়ে অ্যালবাম আবারও গাইছে নিজের গান, পুরনো সেই ঐতিহ্য আর নতুন সৃষ্টির মেলবন্ধনে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা