প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১০:৫৯ এএম
দক্ষিণী সিনেমার গুণী অভিনেতা ফাহাদ ফাসিল। ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে ভঁওয়র সিংহ শেখাওয়াত চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’র দ্বিতীয় পর্বে তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ভক্তরা। সেই প্রত্যাশা পূরণও হয়েছে।
তবে শুধু ‘পুষ্পা’ নয়—‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’ ও ‘বোগেনভিলিয়া’র মতো একাধিক প্রশংসিত দক্ষিণী ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। সেই অভিনেতাই জানালেন জীবন নিয়ে এক অবাক করা সিদ্ধান্ত! জানালেন,বাকি জীবন ট্যাক্সি চালাবেন তিনি।
অভিনেতা জানান, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।
ফাহাদের কথায়, ‘আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।’
ফাহাদের এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। ফাহাদ তা হলে কি জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন- ভাবছেন ভক্তরা।