× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলস্টোন ট্র্যাজেডি

‘স্তব্ধ, বাকরুদ্ধ, শোকাহত’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ১৩:০৭ পিএম

‘স্তব্ধ, বাকরুদ্ধ, শোকাহত’

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন তারকারা। ফেসবুক পোস্টে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা।

এক ফেসবুক পোস্টে অভিনেতা শাকিব খান লিখেছেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেড় শতাধিক আহত হয়েছেন। অনেকের জরুরি ভিত্তিতে রক্ত দরকার। রক্তদানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো। রক্তের প্রচণ্ড প্রয়োজন হতে পারে, আপনার রক্তদান একটি প্রাণ বাঁচাতে পারে।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রার্থনা করি।’ আরেক পোস্টে অপূর্ব লিখেছেন, ‘দয়া করে বাচ্চাদের রক্তাক্ত ও আহত ছবি বা ভিডিও কেউ আপলোড করবেন না।’

একাধিক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তিনি লিখেছেন, ‘টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়! আহা রে, এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসে, সেই প্রার্থনা রইল।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ীর এলাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, এমন ঘটনায় মর্মাহত হয়েছি। সবার জন্য দোয়া চাই। সবার জন্য দোয়া রইল।’ ফেসবুক পোস্টে হানিফ সংকেত লিখেছেন, ‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন।’ হানিফ সংকেত আরও লিখেছেন, ‘কোমলমতি শিশুশিক্ষার্থী যারা আহত হয়েছে, তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক, এই প্রার্থনা করছি। সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটতে পারে।’ তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’

সহায়তা করতে পাশে রয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকালিস্ট লিংকন। নিখোঁজ একজনের তথ্য প্রকাশ করে লিখেছেন, ‘মাইলস্টোন স্কুলের কারও খোঁজ বা ব্লাডের জন্য যেকোনো পোস্টের মাধ্যমে যদি সাহায্য করতে পারি, অবশ্যই আমাকে জানাবেন, আমি পোস্ট করব।’

সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান। লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোনের ট্র্যাজেডিতে শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।’ পরিচালক মোস্তফা কামাল রাজ লিখেছেন, ‘প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটা খুবই দুঃখজনক ও হৃদয়বিদারক। আল্লাহ তুমি রহম করো, সবাইকে নিরাপদে রাখো। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের জন্য সহায় হোন।’

অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘আল্লাহ দয়া করে সাহায্য করুন এবং নিষ্পাপ শিশুদের রক্ষা করুন। শিশু, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা রইল।’ বিমান বিধ্বস্ত হওয়ার এ ঘটনায় এখনও অনেকে নিখোঁজ। কেউ কেউ প্রিয়জনের খোঁজে হাসপাতালে হাসপাতালে ছুটছেন। এ নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘কী বলব? বুকের ভেতরে তোলপাড় করছে। কতগুলো বাচ্চা! মা-বাবার অন্তর উপলব্ধি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি।’

ফেসবুক স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, উত্তরার এই ঘটনা খুব ব্যক্তিগতভাবে নিয়েছি। সেই রাস্তা দিয়ে আমি প্রতিদিন আমার মেয়েকে স্কুলে নিয়ে যাই। তার স্কুল ওই প্রতিষ্ঠানের খুব কাছেই। সৌভাগ্যবশত, এখন তাদের গ্রীষ্মকালীন ছুটি চলছে। কিন্তু এই ঘটনা আমাকে এতটাই মানসিকভাবে আঘাত করেছে যে, আমি আসলে কী অনুভব করছি তা সম্পূর্ণভাবে প্রকাশও করতে পারছি না। তিনি লেখেন, আমি যখন দূর থেকে দেখেই এতটা ভেঙে পড়েছি, তখন যারা সরাসরি এই ঘটনার শিকার হয়েছেন, তাদের এবং তাদের বাবা-মায়ের যন্ত্রণা কতটা গভীর, তা আমি কল্পনাও করতে পারছি না। এই মর্মান্তিক ট্র্যাজেডির ভয়াবহতা বর্ণনা করার মতো কোনো শব্দ আমার কাছে নেই।

সংগীত পরিচালক ইমন চৌধুরী লিখেছেন, ‘এখন পর্যন্ত ১৯টি তাজা প্রাণ ঝরে গেল। সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার উপায় নেই। শোক জানানোর ভাষা নেই।’ নাট্যকার জিনাত হাকিম শিশুদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিয়তির খেলায় আমরা এভাবেই অসহায় হয়ে পড়ি। আহা রে, এই শিশুরা কীভাবে যন্ত্রণা সহ্য করছে! আমার দেখেই তো ঝলসে যাচ্ছে সব। আল্লাহ রহমত দান করুন, আমিন।’

সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’ অভিনেত্রী পূজা চেরী লিখেছেন, ‘এখন স্কুল, কলেজেও মৃত্যুর ভয় নিয়ে যেতে হবে।’ ভয়াবহ এ ঘটনায় শোক প্রকাশ করে আরেক অভিনেতা ও পরিচালক কচি খন্দকার লিখেছেন, ‘এই রকম ভয়াবহ ঘটনা অনাকাঙ্ক্ষিত। শোক নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’

অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশপাশের হাসপাতালে চলে যান।’ বেলা সোয়া ৩টায় অভিনেত্রী সাদিয়া আয়মানও একই কথা লিখেছেন, ‘উত্তরা আধুনিক, মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতা লাগবে। প্লিজ, এগিয়ে আসেন।’ সন্ধ্যা পৌনে ৭টায় তিনি আবার লিখেছেন, ‘স্ক্রল করতে গিয়ে হৃদয়টা ভারী হয়ে আসছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা