× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই যোদ্ধাদের নিয়ে নওশাবার ‘আগুনি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১২:৩৩ পিএম

জুলাই যোদ্ধাদের নিয়ে নওশাবার ‘আগুনি’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা।

প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। আগামী ৮ আগস্ট রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে হবে আগুনির উদ্বোধনী প্রদর্শনী।

রক্তকরবী অবলম্বনে রচিত হলেও আগুনিতে দেখা যাবে জুলাই আন্দোলনসহ বাঙালি জাতির বিভিন্ন সংগ্রামের গল্প। কাজী নওশাবা বলেন, ‘রক্তকরবীকে নতুন সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করা হবে। এটি একটি সিম্বোলিক নাটক। এর মধ্য দিয়ে বাঙালির সংগ্রামের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। সেই কৃষি আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের চিত্র এসেছে গল্পে। থাকছে জুলাই আন্দোলনের কথাও। আমরা বাঙালিরা সাহসী যোদ্ধা জাতি। এই স্পিরিটটাই তুলে ধরার চেষ্টা করেছি। জুলাই আন্দোলনসহ বাংলাদেশের সব আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে এই নাটকের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চাই।’ নওশাবা জানান, আগুনি মিউজিক্যাল পাপেট থিয়েটার হলেও শুধু পাপেট নিয়েই সীমাবদ্ধ নয়। থাকছে আরও নানা বিষয়। এতে জুলাই আন্দোলনের যোদ্ধারা অংশ নিলেও এখনই তাদের নাম জানাতে চান না নওশাবা। ধীরে ধীরে জানাবেন এর বিস্তারিত। জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ প্রসঙ্গে নওশাবা বলেন, ‘জুলাইয়ে যারা আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের মানসিক অবস্থা সম্পর্কে আমার ভালো ধারণা আছে।

কারণ, ২০১৮ সালের আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমার সঙ্গে যা হয়েছিল, তাতে অনেকটা সময় মানসিক অবসাদে কাটাতে হয়েছে আমাকে। সেই অভিজ্ঞতার আলোকেই চেষ্টা করছি জুলাই আন্দোলনের যোদ্ধারা যে অবসাদে ভুগছেন, সেটা যেন কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারেন। শিল্পের মাঝে থাকলে মানুষ নানা সংকট কাটিয়ে উঠতে পারেন। আমি নিজেও উঠে দাঁড়িয়েছি। এটাই তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।’ শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী প্রদর্শনীর পর দেশের অন্যান্য অঞ্চলেও জুলাই যোদ্ধাদের নিয়ে এই মিউজিক্যাল পাপেট থিয়েটারটি করতে চান নওশাবা। ইতোমধ্যে এ নিয়ে কাজও শুরু করেছেন তিনি।

নওশাবা আরও বলেন, ‘আগুনি শুধু একটি নাটক নয়। আমাদের মূল উদ্দেশ্য জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য ফিরিয়ে আনা। একটি ওয়ার্কশপের মধ্য দিয়ে তাদের একসঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া। তারা একসঙ্গে রিহার্সাল করছেন, আনন্দ করছেন। এই যাত্রাটার মধ্য দিয়ে তাদের যে মানসিক প্রশান্তি আসছে সেটাই মুখ্য। ওয়ার্কশপে এসে তারা একে অন্যের সঙ্গে নিজের গল্প শেয়ার করছেন। সেখান থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। আবার কবিতা, গান, ছবি আঁকা, নৃত্যসহ নানা কর্মকাণ্ড করছেন। সেই আউটকামটাই হচ্ছে এই নাটক, যা দেখা যাবে আগামী ৮ আগস্ট।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা