প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১২:৩১ পিএম
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে অর্থহীন। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে পারফর্ম করবে ব্যান্ডটি। নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়ায় কনসার্টে অংশ নেবে তারা।
ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসায় মঞ্চে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন। তিনি। আরও কিছু শারীরিক সমস্যায় গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার অস্ত্রোপচার করাতে হয়েছে। এসব কারণে কনসার্টে অনিয়মিত হয়ে পড়ে অর্থহীন। এখন পর্যন্ত ১২টি শহরে অর্থহীনের কনসার্ট করার সম্ভাবনা রয়েছে। খুব শিগগির ব্যান্ডটির ফেসবুক পেজ ও অন্যান্য প্লাটফর্মে চূড়ান্ত ভেন্যু ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ভক্তদের আরেকটা সুখবর দিয়েছে অর্থহীন। চলতি বছর ব্যান্ডের পরবর্তী অ্যালবাম ফিনিক্সের ডায়েরি-২ আসতে যাচ্ছে। কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি। এর আগে প্রকাশ পায় ফিনিক্সের ডায়েরি-১। অর্থহীন ব্যান্ডের লাইনআপ : সুমন (গায়ক, বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।