গানের শহর ঢাকা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ১৩:২০ পিএম
ঢাকার বর্ষণমুখর সন্ধ্যাগুলো যেন সুর আর ছন্দের নতুন ভাষা পেয়েছে জুলাই মাসে। অফ সিজন হলেও রাজধানীর নানা প্রান্তে আয়োজিত হয়েছে একের পর এক কনসার্ট, আর সেখানে ছিল ব্যতিক্রমী উপস্থাপনা, তরুণ শিল্পীদের জৌলুস আর শ্রোতাদের প্রাণবন্ত অংশগ্রহণ।
সুরে সুরে প্রতিবাদের ভাষা
গত ১২ জুলাই গুলশান-নিকেতন এলাকাজুড়ে তরুণদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পরিণত হয়েছিল গানের এক বিশাল মঞ্চে। উপলক্ষ- ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্ট্যান্স ডে’। সন্ধ্যায় শুরু হওয়া এই আয়োজনে সংগীত পরিবেশন করেন আর্টসেল, সানি, তাশফি, র্যাপার সেজান ও র্যাপার কালেক্টিভ। একই দিনে কাছেই গুলশান-তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত হয় আরেক জমজমাট কনসার্ট- ‘লেটস ভাইব : অনি হাসান ফিচারিং অল স্টারস’। ওয়ারফেজের সাবেক গিটারিস্ট অনি হাসান দেশসেরা ব্যান্ড তারকাদের সঙ্গে মঞ্চ কাঁপান আর দর্শকরাও তালে তালে মাতেন।
নতুনদের হাত ধরে রকের পুনরুত্থান
গত ৪ জুলাই কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) অনুষ্ঠিত হলো তরুণ রক ব্যান্ডদের প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এর গ্র্যান্ড ফিনালে। শ্রোতাপূর্ণ মিলনায়তনে মঞ্চ দাপিয়ে বেড়ায় রকসল্ট, যারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের মুকুট পরে। আরও পারফর্ম করে নাইন, ইডেনস গার্ডেন, কারনেশন, ডোপামিন ও ডাস্ক অ্যান্ড ডন। অতিথি পারফর্মার হিসেবে ছিল অ্যাভয়েড রাফা, ওয়ারফেজ ও একে রাহুল।
ছোট পরিসরে বড় আবেগ
গত ১১ জুলাই বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে ছিল আড্ডাধর্মী গানের আসর ‘গান নিয়েছে চিলে : অধ্যায় ৩’। সন্ধ্যায় আয়োজনে গান করেন কনক আদিত্য, আসির আরমান, মুয়ীয মাহফুজ ব্যান্ড এবং শুভ্র। একই দিন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত ‘ম্যাঙ্গো ফেস্ট’-এ গান পরিবেশন করে ওয়ারফেজ।
কিংবদন্তির নতুন অধ্যায়
গত ১২ জুলাই ইয়ামাহা মিউজিক লাউঞ্জ, তেজগাঁওয়ে আয়োজন করা হয় ‘ওয়ান ট্রু সাউন্ড : বাপ্পা মজুমদার ভলিউম ২’। গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার নতুন অ্যালবাম উন্মোচন করেন এবং ১৪টি গান পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন।
আষাঢ়ের রিমঝিমে সুরের সুরাবাহন
গত ১৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘আষাঢ় পার্বণ ১৪৩২’। সাংস্কৃতিক সংসদের এ আয়োজনে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড জলের গান। গত ১৪ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় ‘জুলাই উইমেন্স ডে’। এতে অংশ নেনÑ সায়ান, এলিটা করিম, পারশা, সমগীত ও এফ মাইনর।
সংগীতের জন্য সংগীত
২৫ জুলাই ঢাবির টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ইমরান’। এটি মূলত একটি চ্যারিটি কনসার্ট, যার উদ্দেশ্য মেকানিকস ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদের চিকিৎসা তহবিল সংগ্রহ। কনসার্টে অংশ নেবে মেকানিকস, হাইওয়ে, সোনার বাংলা সার্কাস, পাওয়ারসার্জ, আপেক্ষিক, দুর্গ ও রকসল্ট।
ফিরে আসছে অড সিগনেচার
আগামী ১ আগস্ট কেআইবি মিলনায়তনে কনসার্টের মধ্য দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছে অড সিগনেচার। ব্যান্ডটির গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। যার পর ব্যান্ডটি দীর্ঘ বিরতিতে ছিল। এবার তারা ফিরছে নতুন প্রত্যয়ে, ভক্তদের ভালোবাসা নিয়ে।
অফ সিজনেও আশার আলো
ওয়ারফেজ ব্যান্ডের নেতা শেখ মনিরুল আলম টিপু মনে করেন, এই অগ্রীষ্মকালীন সময়টিও সংগীতচর্চার জন্য সম্ভাবনাময় হয়ে উঠছে। ‘এ মাসে আমরা ঢাকায় দুটি ও রাজশাহীতে দুটি কনসার্টে অংশ নিয়েছি। এখন আরও কয়েকটি আয়োজনের পরিকল্পনা চলছে। এই ধারা বজায় থাকলে, অফ সিজনেও সংগীতচর্চা থেমে থাকবে না,’ বললেন তিনি। মেলোডি এন্টারটেইনমেন্টের প্রধান ওমর মির্জা জানান, সাম্প্রতিক সময়ে কনসার্ট বেড়েছে ঠিকই, তবে তা কিছু নির্দিষ্ট শিল্পীর মধ্যেই সীমাবদ্ধ। তিনি বললেন, ‘দেশের বাইরে থাকা শিল্পীদের অভাব আছে, আর যারা দেশে আছেন, তাদের কেউ ভীষণ ব্যস্ত, কেউ আবার আয়োজন পাচ্ছেন না বললেই চলে।’