× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওটিটিতে যা দেখবেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১১:৩৭ এএম

ওটিটিতে যা দেখবেন

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

ব্যাচেলর পয়েন্ট : সিজন ৫, পর্ব ৯-১৬ (বাংলা সিরিজ)

অভিনয় : মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ তে দেখা যাচ্ছে ১০ জুলাই থেকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার গল্পের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা। একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকে, তিনি হলেন মতলব!

‘দ্য একেন : বেনারসে বিভীষিকা’

কলকাতার জনপ্রিয় গোয়েন্দা সিরিজের চরিত্র একেন বাবুর সর্বশেষ সিনেমা ‘দি একেন : বেনারসে বিভীষিকা’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এর আগে ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই সিনেমা। ‘বেনারসে বিভীষিকা’ পরিচালনা করছেন জয়দীপ মুখোপাধ্যায়। দৃশ্য ধারণের কাজ হয়েছে বেনারস ও কলকাতা মিলিয়ে। সিনেমায় দেখা গেছে বেনারসের ঘুরতে যান একেনবাবু এবং তার দুই বন্ধু। কিন্তু সেখানে গিয়েও গোয়েন্দাগিরিতে জড়িয়ে পড়েন তারা। একেন চরিত্রে বরাবরের মতোই আছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। আর দুই সঙ্গী বাপি বাবু এবং প্রমথ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। খল চরিত্রে এসেছেন শাশ্বত চট্টোপাধ্যায়।

জিও হটস্টারে ‘মুনওয়াক’

কেরালার আশি দশকের ব্যতিক্রমী ব্রেকডান্স সংস্কৃতি ও যুব সমাজের নৃত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মুনওয়াক’ সিনেমা। বিনোদ এ কে পরিচালিত এই সিনেমায় দেখা গেছে একগুচ্ছ নতুন তরুণ মুখ। চিত্রনাট্যে দেখানো হয়েছে মাইকেল জ্যাকসনের সেই জাদুকরী নাচের পদক্ষেপ তরুণদের জীবনের অনুপ্রেরণা, যা তাদের জীবনের নতুন অর্থ খুঁজে দেয়। সিনেমায় অভিনয় করেছেন সিবি কুট্টাপ্পান, ঋষি কৈনিক্কার। জিও হটস্টারে দেখা যাচ্ছে সিনেমাটি।

বঙ্গতে ‘কানাগলি’

বঙ্গতে মুক্তি পেয়েছে সাইকো থ্রিলার ‘কানাগলি’; সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আহমেদ জিহাদ। শহরজুড়ে আতঙ্ক। খুন হচ্ছেন একের পর এক নারী। খুনির অস্ত্র কাঁচি। খুনিকে খুঁজতে গলদঘর্ম হয়ে যায় পুলিশ। শেষ পর্যন্ত মামলার তদন্তভার নেন পুলিশ কর্মকর্তা মাহফুজ। তদন্তে নেমে দ্বন্দ্বে পড়ে যান তিনি। ঘটনার কোনো কূলকিনারা করতে পারেন না। এটা প্রতিশোধ, নাকি কোনো খুনির উন্মাদনা? খুনগুলো করছে কে? বেছে বেছে নারীকেই কেন খুন করা হচ্ছে? শেষ পর্যন্ত কি খুনির হদিস মেলে? এসব নিয়েই ওয়েব সিরিজ কানাগলি। বঙ্গতে সম্প্রতি মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। তরুণ এই নির্মাতার এটিই প্রথম ওয়েব সিরিজ। ঋদ্ধ শরিফের গল্পে সিরিজের চিত্রনাট্যও লিখেছেন জিহাদ। তিনি জানান, কিশোরগঞ্জে ট্রেনে যাওয়ার পথে সিরিজের গল্পকার ঋদ্ধ শরিফের সঙ্গে পরিচয়। পরে ফেসবুকে একে অন্যের সঙ্গে যুক্ত হন। জিহাদ বলেন, ‘কয়েক বছর পর উনি আমার সঙ্গে দেখা করতে আসেন। গল্পটা আমাকে শোনান। গল্পের মূল অংশটুকু খুব ভালো লাগে। উনি বলছিলেন, এটা নিয়ে উপন্যাস লিখবেন। আমি বললাম, গল্পটা নিয়ে ওয়েব সিরিজ করি। গল্পটার পেছনে বছর দুয়েকের মতো সময় ব্যয় করেছি। পরে প্রডিউসারের সঙ্গে আলোচনা করি।’ সিরিজের মূল চরিত্র পুলিশ কর্মকর্তা মাহফুজের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা