প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১১:২৭ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫ ১১:৩০ এএম
‘সন অব সরদার ২’ দিয়ে প্রথমবারের মতো কমেডি ঘরানার চলচ্চিত্রে কাজ করলেন ম্রুণাল ঠাকুর। ছবিতে পাঞ্জাবি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। গত শুক্রবার মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় ‘সন অব সরদার ২’-এর ট্রেলার।
ছবিতে দেখা যাবে হাস্যরস, গান, নাচ ও রঙিন পাঞ্জাবি সংস্কৃতির মিশেল। ম্রুণাল বলেন, ‘আমার আগের কাজগুলো বেশিরভাগই ছিল সিরিয়াস ধাঁচের- ইমোশন, ট্র্যাজেডি কিংবা প্রেমভিত্তিক। এখানে মুডটা পুরোপুরি আলাদা। শুরুতে ভেবেছিলাম আমি পারব না, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কমেডির জন্য আলাদা একটা টেম্পো দরকার। সংলাপের মধ্যে ‘পজ’ নেওয়া, চোখের ভাষা, কিংবা সহ-অভিনেতার রিঅ্যাকশনের ওপর কীভাবে নিজেকে মেলে ধরতে হয়Ñ এই সবকিছু একেবারে নতুন করে শিখেছি।’ ছবিতে ম্রুণালের চরিত্রের নাম ‘রাবিয়া’। প্রাণবন্ত, তীক্ষ্ণধী ও একই সঙ্গে আবেগপ্রবণ।

এই চরিত্র প্রসঙ্গে ম্রুণাল বলেন, ‘রাবিয়া শুধু হাসায় না, কখনও কখনও ভাবায়ও। তার নিজস্ব কিছু স্তর আছে, যেটা সময়ের সঙ্গে ধীরে ধীরে উন্মোচিত হয়। একজন পাঞ্জাবি তরুণী, কিন্তু তার ভেতরে যে আবেগ, রসবোধ আর শক্তি- তা উপস্থাপন করতে গিয়ে আমাকেও আমার চেনা গণ্ডির বাইরে যেতে হয়েছে।’ পাঞ্জাবি উচ্চারণ রপ্ত করা নিয়েও শুরুতে তাকে হিমশিম খেতে হয়েছিল জানিয়ে বললেন, ‘আমার ডায়ালগ কোচ ছিলেন, যিনি প্রতিদিন ধৈর্য ধরে আমাকে শুধরে দিতেন। আমরা সেটেই রিহার্সাল করতাম। অনেক সময় ‘টেক’-এর মধ্যেও কেউ ফিসফিস করে বলে দিতেন, কোন শব্দটা ঠিক হচ্ছে না। পুরো ইউনিটটা এত আন্তরিক ছিল যে শেষ পর্যন্ত আমি পাঞ্জাবি-কন্যা হয়ে উঠতে পেরেছি।’
‘সন অব সরদার ২’ মুক্তি পাবে ২৫ জুলাই। একই দিন মুক্তি পাচ্ছে অজয় দেবগনের স্ত্রী কাজলের ছবি সরেজমিন, তবে সেটি ওটিটিতে। এক সাংবাদিক এ নিয়ে ‘সংঘাত’ প্রসঙ্গে অজয়কে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ওনার ছবি তো ওটিটিতে আসছে, তাই সংঘাতের কোনো প্রশ্নই নেই। আর আমরা বাসায় কাজ নিয়ে আলোচনা করি না। করলেও খুব কম। আপনি আমাকে মনে করিয়ে দিলেন যে ওনার ছবি ২৫ তারিখ আসছেÑ আমার ধারণা, ওর মনে নেই আমার ছবিটাও ওই দিনই আসছে।’