প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১১:৩১ এএম
নুসরাত ইমরোজ তিশা
অভিনয়শিল্পী ও মডেল নুসরাত ইমরোজ তিশা এখন নিয়মিত অভিনয়ে না থাকলেও নিজের উপস্থিতি জানান দিচ্ছেন ভিন্নভাবে। দীর্ঘদিন ধরে পর্দায় নতুন কোনো নাটক বা টেলিছবিতে দেখা না গেলেও, পছন্দসই গল্প পেলেই আবারও অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। আপাতত চলছে পর্যবেক্ষণ ও পরিকল্পনার সময়। তবে অভিনয়ের বাইরে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিশা।
সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘হাসিমুখে থাকো, দুশ্চিন্তা দূরে রাখো।’ তার এই উজ্জ্বল ছবিগুলো ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কেউ তাকে বলেছেন ‘অপূর্ব সুন্দরী’, কেউবা প্রশংসা করেছেন ‘মিষ্টতায় ভরা মুখ’ বলে। একজন মন্তব্য করেছেন, ‘তুমি তো একেবারে পরির মতো।’ আরেকজন লিখেছেন, ‘তোমার হাসিতে মুক্তা ঝরে।’
নতুন কোনো নাটকে তাকে দেখা না গেলেও, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেলিভিশনের ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় উপস্থাপনা করতে দেখা গেছে তিশাকে। সেখানে তার সাবলীল উপস্থাপনা প্রশংসিত হয় দর্শকমহলে। দুই দশকেরও বেশি সময় ধরে শোবিজে থাকা এই গুণী শিল্পী এখনও আশাবাদী আগামী দিনগুলো নিয়ে।
-687495f89590d.jpg)
তিশা মনে করেন, এই ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত নতুন মুখ, নতুন নির্মাতা আর নতুন কনসেপ্ট আসছে। কোনো কাজ ভালো হচ্ছে, কোনোটা নয়Ñ এটাই স্বাভাবিক। তবে ওটিটিতে যেভাবে সাহসী ও নতুন ধারার কাজ হচ্ছে, তাতে করে ভবিষ্যৎ নিয়ে তিনি বেশ আশাবাদী।
নিজের অভিনয় জীবনে সাময়িক বিরতি থাকলেও, ভক্তদের সঙ্গে যোগাযোগে কোনো ঘাটতি রাখছেন না তিশা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার এই যুগে কেউই আসলে দূরে থাকতে পারে না। আমিও পারিনি। ইনস্টাগ্রাম বা ফেসবুকেই ভক্তদের সঙ্গে সংযোগ তৈরি হয়, তাদের সঙ্গে জীবনের কিছু মুহূর্ত ভাগ করে নেওয়া যায়।’
নতুন কাজের অপেক্ষায় থাকা তিশার কাছে এই সময়টা প্রস্তুতির। অভিনয়ে ফেরা যখনই হোক, তিশা যেন প্রতিবারের মতোই মন জয় করতে পারেন দর্শকেরÑ এটাই তার অনুরাগীদের প্রত্যাশা।