প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১১:২৯ এএম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশেষ আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার ৭টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যতিক্রমী এক অনুষ্ঠান। সেখানে একসঙ্গে মিলবে চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট ও ড্রোন শো।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মরণে এবার বড় পরিসরের এ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ‘উইমেন ডে কনসার্ট’। সেখানে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সায়ান, ইলা লালা, এফ মাইনর, পারসা মাহজাবিন ও এলিটা করিম। প্রদর্শিত হবে চারটি চলচ্চিত্র। সেগুলো হলো ‘জুলাই উইমেন’, ‘দীপক কুমার গোস্বামী’, ‘জুলাই বিষাদ সিন্ধু’ এবং ‘জুলাই বীরগাঁথা’। সঙ্গে থাকবে জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সাক্ষী ও অংশীদার ছিলেন এমন মানুষজন ও শহীদ পরিবারগুলোর স্মৃতিচারণ। সবশেষে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে চোখধাঁধানো ড্রোন শো উপভোগ করতে পারবেন দর্শকরা।