প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৭:০১ পিএম
দিলারা হানিফ পূর্ণিমা
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে অভিনয়ে অনিয়মিত তিনি। তবে টিভির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায় তাকে।
এ ছাড়া কাজ করছেন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। গতকাল ছিল এ অভিনেত্রীর জন্মদিন। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, জন্মদিন বা বিশেষ দিনগুলো আমাকে খুব বেশি টানে না। তাই কখনোই বড় করে কোনো পরিকল্পনাও থাকে না। সাদামাটা ভাবেই কাটে এসব দিন। এ জন্মদিনে ঢাকার বাইরে থাকব আমি, তাই তেমন কোনো আয়োজন নেই। তারপরও পরিবারের সদস্যদের কাছ থেকে এ দিনে বিভিন্ন সারপ্রাইজ পাই; যা আমাকে অনেক আনন্দ দেয়। জন্মদিনে সবার কাছে দোয়া চাই। বর্তমান ব্যস্ততা নিয়ে বলেন, একটি রান্নাবিষয়ক রিয়েলিটি শোয়ের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে দেশসেরা রন্ধনশিল্পীরা অংশগ্রহণ করেছেন। অনেকদিন অভিনয়ে নেই কেন এ প্রশ্নের উত্তরে জানান, কাজ করতে ইচ্ছা থাকলেও করা হয় না। কারণ আছে অনেক। তবে এর মধ্যে একটি হচ্ছে, মনের মতো কাজ পাচ্ছি না। যেগুলোর প্রস্তাব আসে তা পছন্দ হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে অনেক কাজ করার চেয়ে ভালো কাজ করাটা বেশি জরুরি। মানসম্মত গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি। ভালো কিছু পেলে অবশ্যই অভিনয় করব। তখন আপনারা জানতে পারবেন। তবে আপাতত অভিনয় নিয়ে কোনো ব্যস্ততা নেই।