প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৬:৫৬ পিএম
বাংলাদেশের সংগীতজগৎ এখন আর কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে সঙ্গে তারকারা ছড়িয়ে পড়েছেন আন্তর্জাতিক পরিসরে, নিয়মিত অংশ নিচ্ছেন বিশ্বের নানা প্রান্তে আয়োজিত কনসার্টে। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে বাঙালি প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত এসব কনসার্ট হয়ে উঠেছে একেকটি সাংস্কৃতিক মিলনমেলা; যেখানে গানে গানে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের সুর, সংস্কৃতি ও স্বকীয়তা।
এই আন্তর্জাতিক মঞ্চগুলো শুধু বিনোদনের উৎস নয়; বরং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক শেকড়ের এক নতুন সংযোগ তৈরি করছে। পাশাপাশি শিল্পীরাও পাচ্ছেন আন্তর্জাতিক শ্রোতাদের সামনে নিজেদের তুলে ধরার সুযোগ, যা তাদের শিল্পীজীবনে যুক্ত করছে নতুন অভিজ্ঞতা ও বৈচিত্র্য। এই প্রসঙ্গে জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান বলেন, ‘বাংলাদেশি শিল্পীদের নিয়ে বিদেশে কনসার্ট এখন আর শুধু বিনোদনের গণ্ডিতে আটকে নেই। এটি আমাদের সংস্কৃতি, শিল্পবোধ ও জাতীয় পরিচয়কে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার একটি দৃঢ় মাধ্যম। এই প্রবণতা যদি টিকে থাকে, তবে বাংলাদেশ সংস্কৃতির মঞ্চেও আন্তর্জাতিকভাবে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবে।’
তারকাদের যত কনসার্ট চলতি জুলাই মাসে দেশীয় সংগীতাঙ্গনের অনেক পরিচিত মুখ রয়েছেন বিদেশভ্রমণে আর এ সফরগুলো কেবল ছুটি কাটানোর জন্য নয়; বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী ভক্তদের মাতিয়ে তুলতে একের পর এক সুরের মঞ্চে হাজির হচ্ছেন তারা।

দেশের ব্যান্ডজগতে অবিসংবাদিত নাম নগর বাউল জেমস। তার আবেদন সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে নানা দেশে। আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ফ্রিডম হাইস্কুলে আয়োজিত কনসার্টে তিনি পারফর্ম করবেন, যেখানে তার সঙ্গে একই মঞ্চে গাইবেন জনপ্রিয় দুই গায়ক প্রতীক হাসান ও প্রীতম হাসান। এ আয়োজনের পেছনে রয়েছেন স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন ইউএসএ, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং একাত্তর ফাউন্ডেশন।
অন্যদিকে দীর্ঘদিন পর বিদেশে কনসার্টের মাধ্যমে ফিরছেন কুমার বিশ্বজিৎ। কানাডায় শো শেষ করেই তিনি রওনা হবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। ২৩ আগস্ট মেলবোর্নে ‘লিজেন্ড আনলিস্ট’ নামক ধারাবাহিক কনসার্টে গাইবেন তিনি। এরপর ৩০ আগস্ট সিডনিতে ও ৩১ আগস্ট ব্রিসবেনে পারফর্ম করবেন। ব্রিসবেন ও সিডনির মঞ্চে তার সঙ্গে থাকবেন ব্যান্ড ‘আভাস’-এর জনপ্রিয় গায়ক তানযীর তুহীন। ৬ সেপ্টেম্বর পার্থ শহরের কনসার্টের মাধ্যমে শেষ হবে তার এই আন্তর্জাতিক সফর। এদিকে কুমার বিশ্বজিতের ফিরে আসা নিয়ে সামাজিক মাধ্যমে বইছে উচ্ছ্বাস। নিজেও বেশ আবেগভরা কণ্ঠে বলেছেন, ‘শ্রোতারা আমার প্রেরণা। মৃত্যুর পরও যদি আমার গান মানুষের মাঝে বেঁচে থাকে, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।’

এই জুলাইয়ে আরও একটি বড় আয়োজন হতে যাচ্ছে ১৯ ও ২০ তারিখে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ‘আনন্দমেলা’ নামের এ আয়োজনে অংশ নেবেন প্রীতম হাসান, প্রতীক হাসান ও কণা।

চার দশকের বেশি সময় ধরে বাংলা ব্যান্ডসংগীতের অন্যতম শক্তি হিসেবে পরিচিত মাইলস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তাদের ‘লিগ্যাসি ট্যুর ইউএসএ ২০২৫’-এর অংশ হিসেবে। হিউস্টনে এই ট্যুরের সূচনা হয়েছিল গত এপ্রিলেই আর এবারে এটি পৌঁছেছে আরও বড় পরিসরে। মাইলসের সদস্য হামিন আহমেদ বলেন, ‘আমেরিকায় আমাদের ৩০তম ট্যুরের এই যাত্রা খুব আবেগঘন। ১৯৯৬ সালে প্রথমবার আমরা এখানে ট্যুর করেছিলাম, সেটি ছিল ইতিহাসের এক অধ্যায়।’ ইতোমধ্যে অস্টিনে পারফর্ম করেছে ব্যান্ডটি এবং সামনে আরও কিছু কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা বর্তমানে রয়েছেন সুইজারল্যান্ডে। সেখানে বেলগো-বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি ঘরোয়া শোতে অংশ নিয়েছেন তিনি। সামনে আরও কিছু পারফরম্যান্স রয়েছে তার ঝুলিতে।
সম্প্রতি ৫ জুলাই টরন্টোতে অনুষ্ঠিত ‘মিক্সটেপ’-এর কনসার্টে গান গেয়েছেন তিন জনপ্রিয় শিল্পীÑ মিলা, মিনার ও প্রীতম হাসান। দর্শকরা উপভোগ করেছেন তাদের প্রাণবন্ত পরিবেশনা। এভাবে চলতি জুলাই হয়ে উঠেছে বাংলা গানের আন্তর্জাতিক যাত্রার এক বিশেষ অধ্যায়, যেখানে গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এক সংস্কৃতি; যা ভাষা-ভৌগোলিকতা ছাড়িয়ে হৃদয়ের বন্ধনে গেঁথে রাখছে ভক্তদের।